আমি এবং আমার স্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রিনকার্ডধারী (স্থায়ী বাসিন্দা)। আমাদের মেয়ে ও জামাই যুক্তরাষ্ট্রের নাগরিক। আমরা প্রতি বছর একবার যুক্তরাষ্ট্রে যাই এবং সেখানে কয়েক মাস অবস্থান করে বাংলাদেশে ফিরে আসি। সর্বশেষ ২০১৯ সালের জুন মাসের ১৬ তারিখে দেশে এসেছি। ২০২০ সালের এপ্রিল-মে মাসে যুক্তরাষ্ট্রে যাওয়ার সিদ্ধান্ত ছিল। কিন্তু করোনা ভাইরাসে সৃষ্ট বৈশ্বিক মহামারির কারণে সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ায় আমরা যুক্তরাষ্ট্রে যেতে ব্যর্থ হয়েছি।
যুক্তরাষ্ট্রের অভিবাসন ও নাগরিক সেবা আইন অনুযায়ী কোনো গ্রিনকার্ডধারী একাধারে এক বছরের বেশি সময় সে দেশের বাইরে অবস্থান করতে পারেন না। এক বছরের মধ্যেই তাঁকে সে দেশে ফিরতে হয়। গত ১৬-৬-২০২০ তারিখে আমাদের বাংলাদেশে আসার এক বছর পার হয়েছে। শুধু আমি এবং আমার স্ত্রীই নয়, বাংলাদেশের শত শত গ্রিনকার্ডধারী আমাদের মতো এই অনাকাঙ্ক্ষিত আইনি জটিলতার সম্মুখীন হয়েছেন বলে আমার ধারণা। এই সংকট থেকে উত্তোরণের জন্য বাংলাদেশ সরকারের আন্তরিক পদক্ষেপ কামনা করছি। মার্কিন যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে বাংলাদেশে এক বছরের বেশি সময় অবস্থানরত গ্রিনকার্ডধারীদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ব্যবস্থা করা হোক।
মো. আবদুল কাদের
চাটমোহর, পাবনা