পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক এমপি বলেছেন, বাংলাদেশ বিশ্বে সমৃদ্ধশালী একটি দেশ হিসেবে এগিয়ে যাচ্ছে এবং আমাদের প্রধানমন্ত্রী শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হিসেবে বিশ্বে পরিচিতি লাভ করেছে। গতকাল শনিবার বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়নের ‘চন্দ্রমোহন দাখিল মাদ্রাসা’ ভিত্তিপ্রস্তর স্থাপন ও ‘চন্দ্রমোহন ৬৯ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়’ নতুন ভবন উদ্বোধন এবং আড়িয়ালখাঁ নদীর ভাঙন পরিদর্শন উপলক্ষ্যে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় প্রতিমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া বাংলাদেশে কোনো বিকল্প নেতা নেই। শেখ হাসিনা ক্ষমতায় আসার আগে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৩ থেকে ৪ বিলিয়ন ডলার। শেখ হাসিনার ক্ষমতামলে এখন দেশে বৈদেশিক রিজার্ভের পরিমাণ ৪২ বিলিয়ন ডলার। তিনি বলেন—পদ্মা সেতু, পায়রা বন্দর, বরিশালে ফোর লেন, রেললাইন, বিদু্যুত্ কেন্দ্রসহ মেগা সব প্রকল্প হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য। পরে প্রতিমন্ত্রী চন্দ্রমোহন দাখিল মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন এবং চন্দ্রমোহন সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের উদ্বোধন করেন। মাদ্রাসা ভবনে ৮৫ লাখ টাকা ও সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণে ৮৮ লাখ টাকা ব্যয় হয়েছে।
চন্দ্রমোহন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মতিউর রহমান সরদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমান। এ সময় বরিশাল পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. সফিউদ্দিন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান মধু ও আওয়ামী লীগ নেতা মাহমুদুল হক খান মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।