প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ছবির ভূয়সী প্রশংসা করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন এবং তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান। গতকাল শনিবার রাজধানীর কসমস সেন্টারে দুই মাসব্যাপী ‘শেখ হাসিনা:অন দ্য রাইট সাইড অব হিস্ট্রি’ শীর্ষক শিল্পকর্ম প্রদর্শনী যৌথভাবে উদ্বোধন করেন তারা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে বছরব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গ্যালারি কসমস ও কসমস আতেলিয়ার ৭১ যৌথভাবে কসমস ফাউন্ডেশনের সহায়তায় আর্ট ক্যাম্পের আয়োজন করে। সেখানে আঁকা ছবি নিয়েই শুরু হয়েছে প্রদর্শনী।
ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসন বলেন, প্রদর্শনীতে শেখ হাসিনার ব্যক্তিত্ব ফুটে উঠেছে। সেইসঙ্গে তার ব্যক্তিমানসের আবেগ ও সংকল্পের অসাধারণ বিষয়গুলোও প্রকাশিত হয়েছে ক্যানভাসে। তুরস্কের রাষ্ট্রদূত তুরান বলেন, সবগুলো শিল্পকর্ম দেখে আমি মুগ্ধ। শিল্পকর্মগুলোতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার জীবনের বিভিন্ন মুহূর্তগুলো নান্দনিকভাবে উপস্থাপিত হয়েছে।
কসমস গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক মাসুদ জামিল খান বলেন, প্রদর্শনীর প্রতিটি শিল্পকর্ম নিজস্ব ভঙ্গিতে অনন্য এবং আকর্ষণীয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিল্পীদের তুলির ছোঁয়ায় অনন্য ভঙ্গিমায় ধরা দিয়েছে ক্যানভাসে।
প্রদর্শনীতে ২০টি চিত্রকর্ম ও একটি আলোকচিত্র স্থান পেয়েছে। অংশ নেওয়া শিল্পীরা হলেন—অলকেশ ঘোষ, আহমেদ শামসুদ্দোহা, শেখ আফজাল, বিশ্বজিত্ গোস্বামী, রত্নেশ্বর শুত্রধর, রাসেল কান্তি, মনজুর রশিদ, সৌরভ চৌধুরী, মানিক বণিক, জয়ন্ত সরকার, আজমল হোসেন, ফিদা হোসেন, অমিত নন্দী, দিদারুল লিমন, তামান্না আফরোজ, ফাহিম চৌধুরী, মিসকাতুল আবির, প্রসূন হালদার, হাসুরা আক্তার রুমকি ও সুরভী শ্রুতি এবং প্রখ্যাত আলোকচিত্রী নাসির আলী মামুন। করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে প্রদর্শনীটি ২০২১ সালের ১২ ফেব্রুয়ারি পর্যন্ত কসমস সেন্টারে এ প্রদর্শনী উন্মুক্ত থাকবে।