আজ করোনা টিকা দেওয়া শুরু করবে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে ফাইজার- বায়োএনটেকের উদ্ভাবিত করোনা টিকা জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমোদন দেওয়ার পর আজ রবিবার টিকাদান কার্যক্রম শুরু হবে। গতকাল শনিবার ডেইলি মেইলের খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রে প্রয়োগের জন্য ইতিমধ্যে ২৯ লাখ ডোজ টিকা পৌঁছে গেছে। সংশ্লিষ্ট অঙ্গরাজ্যের গভর্নরদের তত্ত্বাবধানে করোনা টিকাদান কার্যক্রম পরিচালিত হবে বলে জানানো হয়েছে। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাতে দেশটির ফুড অ্যান্ড ড্রাগস অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) টিকা অনুমোদনের ঘোষণা দেয়।

এর আগে ওয়াশিংটন পোস্ট জানিয়েছিল, শুক্রবার দিনের প্রথম ভাগে হোয়াইট হাউজের তরফ থেকে এফডিএ প্রধানকে বলা হয়েছিল ‘টিকা অনুমোদন দিতে না পারলে, পদত্যাগ করুন’।

 ইতিমধ্যে, যুক্তরাজ্য-বাহরাইন-কানাডা-মেক্সিকো করোনা টিকা প্রয়োগের অনুমোদন পেয়েছে ফাইজার-বায়োএনটেক।

টিকা অনুমোদনের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ২৪ ঘণ্টার মধ্যে ফাইজার-বায়োএনটেকের তৈরি করোনার টিকার ডোজ পেতে চলেছেন দেশের নাগরিকরা। টিকার অনুমোদন দেওয়ার কয়েক ঘণ্টা পর শুক্রবার টুইটারে তিনি এক ভিডিও বার্তায় এ ঘোষণা দিয়েছেন। ট্রাম্প বলেছেন, জরুরি ভিত্তিতে ঐ টিকা ব্যবহারের ক্ষেত্রে ছাড়পত্র দেওয়া হয়েছে। তিনি বলেছেন, ‘ফিডেক্স এবং ইউপিএসের সঙ্গে আমাদের সুসম্পর্ক থাকায় ফাইজারের টিকা দ্রুত দেশে আনতে যাচ্ছি। প্রতিটি রাজ্যে ঐ টিকা শিগিগরই পৌঁছে যাবে। ওয়াশিংটন পোস্ট জানায়, ফাইজারের ভ্যাকসিনের অনুমোদন দিতে এফডিএ কমিশনার ডা. হানকে প্রবল চাপের মুখে ফেলে ট্রাম্প প্রশাসন। শুক্রবার এফডিএ কমিশনার ডা. স্টিফেন হানকে ভ্যাকসিনের অনুমোদন দিতে অথবা পদত্যাগপত্র জমা দিতে বলেন হোয়াইট হাউজের চিফ অব স্টাফ মার্ক মিডোস। তবে, চিফ অব স্টাফের কাছ থেকে ফোনকল পাওয়ার খবরকে ‘অসত্য’ বলে জানিয়েছেন ডা. হান। যুক্তরাষ্ট্রের জন্য ডিসেম্বরের মধ্যেই প্রথম চালানে ৬ দশমিক ৪ মিলিয়ন ডোজ সরবরাহের পরিকল্পনা করেছে ফাইজার।

করোনা প্রতিরোধে প্রত্যেককে দুই ডোজ করে ফাইজারের ভ্যাকসিন নিতে হবে। ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে দেশটির ২১ মিলিয়ন স্বাস্থ্যকর্মীদের অগ্রাধিকার দেওয়া হবে বলে জানা গেছে। পাশাপাশি দীর্ঘ সময় ধরে কেয়ার হোমে থাকা ৩০ মিলিয়ন প্রবীণ আমেরিকানকেও ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দিয়েছে মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)। ফাইজার ছাড়াও দেশীয় প্রতিষ্ঠান মডার্নার কাছ থেকে ১০ কোটি ডোজ টিকা কিনতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। চলতি মাসেই ২ কোটি মানুষকে টিকা দেওয়ার কাজ শেষ করতে চায় ট্রাম্প প্রশাসন।