একটি মহল সরকারকে হেফাজতের মুখোমুখি দাঁড় করাচ্ছে :বাবুনগরী

হেফাজতে ইসলামের আমির ও হাটহাজারী মাদ্রাসার শিক্ষা পরিচালক আল্লামা জুনাইদ বাবুনগরী বলেছেন, আমরা বা আমাদের কেউ কোনোদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার নির্দেশ দেইনি বা আমাদের কেউ বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার ধৃষ্টতা দেখাতে পারে না। তিনি বলেন, কুরআন ও সুন্নাহ থেকে বিচ্যুত হয়ে পড়ায় মুসলমানরা সারা বিশ্বে পদে পদে বিভ্রান্ত ও বিপদগ্রস্ত হয়ে পড়ছেন। এজন্য বিপদ-মসিবত থেকে আমাদের মুক্তি পেতে হলে কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। তিনি বলেন, একটি মহল হেফাজত ও আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। নিজের স্বার্থে সরকারকে হেফাজতের মুখোমুখি দাঁড় করাচ্ছে। হেফাজত সরকারের বিরুদ্ধে নয়, নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে।

আল জামেয়াতুল আরাবিতুল ইসলামিয়া জিরি পটিয়ার ১১৪তম বার্ষিক ইসলামী সম্মেলন উপলক্ষ্যে দুই দিনব্যাপী আয়োজিত ইসলামী মহাসম্মেলনে প্রধান মেহমানের বয়ানে তিনি এ কথা বলেন। মাদ্রাসার প্রধান পরিচালক মাওলানা হাফেজ মোহাম্মদ খোবাইব সভাপতিত্ব করেন। মাহফিলে ওয়াজ করেন আল্লামা আজিজুল হক মাদানী, আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী, আল্লামা মুফতি মাহফুজুল হক, আল্লামা নজির আহমদ, আল্লামা আবদুল হামিদ, মাওলানা মুফতি হাবিবুল ওয়াহেদ।