গোপালগঞ্জে ইউপি সদস্যকে গুলি করে হত্যা  

গোপালগঞ্জে ইউপি সদস্য হামিদুল শরীফকে (৪৫) গুলি করে হত্যা করা হয়েছে। শনিবার সন্ধ্যা ৭ টার দিকে সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের গোপীনাথপুর উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। 

নিহত হামিদুল শরীফ ওই ইউনিয়নের ৭ নং ওয়ার্ড মেম্বর ও গোপীনাথপুর শরীফপাড়া গ্রামের মৃত আব্দুল হক ওরফে কালা শরীফের ছেলে। এ ঘটনার পর থেকে গোপীনাথপুর উচ্চ বিদ্যালয় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। আতঙ্কিত হয়ে পড়েছে এলাকাবাসী।

আরো পড়ুন: বেনাপোলে প্রবীণ বর্ষীয়ান রাজনীতিবিদদের সম্মানে কৃতজ্ঞতা সমাবেশ

গোপালগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) হযরত আলী জানিয়েছে, হামিদুল তার ব্যবসা প্রতিষ্ঠান (মুরগির দোকান) বন্ধ করে সন্ধ্যায় একটি ভ্যানে করে গ্রামের রাস্তা দিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন। তার ভ্যানটি গোপীনাথপুর উচ্চ বিদ্যালয়ের কাছে পৌঁছালে একটি মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা তার ভ্যানের গতি রোধ করে। পরে তার চোখের ওপর টর্চ লাইট মেরে গুলি করে পালিয়ে যায়। স্থানীরা সংকটজনক অবস্থায় তাকে উদ্ধার করে গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বুক ও পাঁজরে ৪ টি গুলি লেগেছে। পুলিশ এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতার করতে অভিযান শুরু করেছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে । ভ্যানচালক সাগরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা। 

তবে তাকে কে বা কারা গুলি করেছে এ বিষয়ে পুলিশ কিছু জানাতে পারেনি। 

ইত্তেফাক/এএএম