নিউ ইয়র্কে বর্ণবাদবিরোধী সমাবেশে একটি চলন্ত গাড়ি প্রবেশ করায় অন্তত ছয় জন আহত হয়েছেন। এই ঘটনার পর পুলিশ ঐ গাড়ির চালক এক নারীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। খবর নিউ ইয়র্ক টাইমস ও দ্য গার্ডিয়ানের
নিউ ইয়র্ক সিটির পুলিশ জানিয়েছে, অভিবাসীদের আটকের প্রতিবাদে সমাবেশ চলছিল। স্থানীয় সময় শুক্রবার বিকেলে নিউ ইয়র্কের ম্যানহাটনে অর্ধশত মানুষ বর্ণবাদবিরোধী বিক্ষোভে অংশ নিয়েছিলেন। বিকেল ৪টার দিকে থার্টি নাইনথ স্ট্রিট এবং থার্ড অ্যাভিনিউয়ের এক পাশে চলা বিক্ষোভে এক নারী তার বিএমডব্লিউ সিডান গাড়িটি চালিয়ে দেন। গাড়িটি দাঁড়িয়ে ছিল। এর চারপাশে লোকজনও ছিল। কিন্তু হঠাত্ করেই ৫২ বছর বয়সি নারী গাড়ির অ্যাকলেটরে হাত দেন এবং গাড়ি চালাতে শুরু করেন। এই সময় তাকে বাধা দেওয়া হয়। কিন্তু এরই মধ্যে কয়েকজন আহত হন। আহতদের বেশিরভাগই বাইসাইকেলে ছিলেন। তাদেরকে অ্যাম্বুলেন্সে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের অবস্থা সংকটজনক নয়। গাড়িতে ২৯ বছর বয়সি এক নারীও ছিলেন বলে পুলিশ জানিয়েছে। দুই নারীর কারো পরিচয় প্রকাশ করেনি নিউ ইয়র্ক পুলিশ।