বংশী ও ধলেশ্বরী দখলমুক্ত করার দাবি সাভার নদী ও পরিবেশ উন্নয়ন পরিষদের

সাভারের পাশ দিয়ে বয়ে যাওয়া বংশী ও ধলেশ্বরী নদী অবিলম্বে অবৈধ দখলদার মুক্ত করার দাবি জানিয়েছেন সাভার নদী ও পরিবেশ উন্নয়ন পরিষদের নেতারা। সংগঠনের সভাপতি কৃষিবিদ রফিকুল ইসলাম মোল্লা ঠান্ডু ও সাধারণ সম্পাদক মো. শামসুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৬ সালের ১০ নভেম্বর ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের স্মারক নম্বর ২৯২৬(১১)-এর আলোকে সাভার ভূমি অফিস কর্তৃক সাভারে অবৈধভাবে বংশী ও ধলেশ্বরী নদীর দখলদারদের তালিকা প্রকাশ করা হয়। উক্ত তালিকায়  দখলদার হিসেবে ৬১ জনকে চিহ্নিত করা হয়। তারা  চিহ্নিত হলেও অদ্যাবধি তাদের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়নি। তাই জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

সংগঠনের নেতারা আরো উল্লেখ করেন, দখলদারেরা নদীর সম্পত্তি দখল করেই ক্ষান্ত হননি, অবৈধভাবে দখলকৃত নদীর সম্পত্তির ওপরে পাকা বহুতল ভবন তৈরি করে মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠান চালু করেছেন। অনেকে তৈরি করেছেন বসতবাড়ি।

রফিকুল ইসলাম মোল্লা বলেন, অবৈধ দখলদারদের তালিকায় সাভারের একাধিক প্রভাবশালী ব্যক্তি ও রাজনৈতিক নেতার নাম রয়েছে। নদীর জায়গায় অবৈধভাবে নির্মিত স্থাপনায় বিদ্যুতের সংযোগসহ হোল্ডিং নম্বরও  দেওয়া  হয়েছে,  যা সম্পূর্ণ  নিয়মবহির্ভূত। তিনি অবিলম্বে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে নদীর জায়গা দখলমুক্ত করা এবং দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।