বাংলাদেশে উত্পন্ন হচ্ছে পারসিমন

g আবুল কাসেম ভূঁইয়া

 

পারসিমন একটি সুস্বাদু মিষ্টি জাতীয় ফল। জাপানের লোকদের কাছে এই ফল অত্যন্ত জনপ্রিয়। পারসিমন জাপানের জাতীয় ফল হিসেবে পরিচিত। সারা পৃথিবীতে পারসিমনের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। পারসিমনের বৈজ্ঞানিক নাম হল ডায়স পারসকাকী। পারসিমন ফল দেখতে পাকা টমেটোর মত। খেতে পাকা মিষ্টি আমের চেয়ে অনেকগুণ স্বাদ। আমাদের বাংলাদেশে বিদেশ থেকে পারসিমন ফল আমদানি করা হয়। দেশের সুপারশপে পারসিমন ফল পাওয়া যায়। প্রতিকেজি পারসিমন ফল বিক্রি হয় ৭০০ থেকে ১০০০ টাকায়। জনপ্রিয় এবং সুস্বাদু পারসিমন ফলটি এখন বাংলাদেশে চাষ হচ্ছে। প্রাপ্ত তথ্য থেকে জানা যায় পারসিমন ফলে প্রচুর পরিমানে ভিটামিন এ, বি ও সি রয়েছে। সেই সাথে রয়েছে যথেষ্ট পরিমাণে ফসফরাস, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, খনিজলবণ এবং এন্টি অক্সিডেন্ট।

আমাদের দেশের মাটি এবং জলবায়ু পারসিমন চাষের জন্য উপযোগী। দেশের পাহাড়ী এলাকায় পারসিমন চাষের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। পারসিমন গাছ এমন স্থানে লাগাতে হবে যেখানে পানি না জমে। এই ফলটি এমন সময় ফলে যখন আমাদের দেশে কোনো ফলের মৌসুম থাকে না। পারসিমন গাছে ফল আসতে একটু সময় লাগলেও সেপ্টেম্বর থেকে অক্টোবর এর মধ্যে ফল পেকে যায়। কলমের চারা রোপণের পর দুবছরের মধ্যে গাছে ফলন আসে। বিশেষ করে পাহাড়ী এলাকায় এই ফলের চারা রোপণ করলে ভালো ফলন আশা করা যায়। দেশের পার্বত্য অঞ্চলে ইতোমধ্যে যারা ফলের বাগান বাণিজ্যিক ভিত্তিতে গড়ে তুলেছেন তারা এ ব্যাপারে বিশেষ উদ্যোগ নিতে পারেন। তবে পারসিমন ফলের চারা রোপণের আগে স্ত্রী-পুরুষ গাছ দেখে নিতে হবে এবং এর চাষের ব্যাপারে ভালোভাবে তথ্য নিতে হবে। আমাদের দেশে ব্যাপকভিত্তিতে এবং বাণিজ্যিকভাবে পারসিমন ফলের চাষের উদ্যোগ গ্রহণ করা হয় তবে দেশের সাধারণ মানুষ পারসিমন ফলের মত সুস্বাদু ফলের স্বাদ গ্রহণ করতে পারবেন।