মিঠাপুকুরে কলেজছাত্রী ধর্ষণ, মামলা তুলে নিতে হুমকি

রংপুরের মিঠাপুকুরে চাঞ্চল্যকর কলেজছাত্রী ধর্ষণ মামলা দায়ের করায় আসামিদের অব্যাহত হুমকির মুখে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবার। মামলা দায়েরের ২০ দিন পেরিয়ে গেলেও আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

এর ফলে, আসামি পক্ষের লোকজন মামলা তুলে নিতে প্রাণনাশের হুমকি প্রদান করছে। ধর্ষণের শিকার ওই কলেজছাত্রী আত্মগোপনে রয়েছে। এছাড়াও, নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন ওই ছাত্রীর বাবা আবু বক্কর সিদ্দিক।

তিনি বলেন, ‘আমার মেয়ে বৈরাগীগঞ্জে কোচিং সেন্টারে যাওয়ার পথে পায়রাবন্দের বিরাহিপুর গ্রামের মিজানুর রহমান ওরফে মিলন রংপুরের একটি আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ করেন। ফলে, মেয়ে গুরুত্বর অসুস্থ হলে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করি। এ ঘটনায় রংপুর কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। কিন্তু পুলিশ আসামিকে গ্রেফতার করেনি। উল্টো আসামির লোকজন মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে। আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।’

তিনি আরও বলেন, আসামি পক্ষের অব্যাহত হুমকির মুখে আমার মেয়েকে আত্মগোপনে রাখতে বাধ্য হয়েছি। তারা আমার মেয়েকে তুলে নিয়ে হত্যার হুমকি দিচ্ছে। আমি একজন চায়ের দোকানদার, অপরদিকে আসামির লোকজনরা প্রভাবশালী।

তদন্তকারী কর্মকর্তা রংপুর কোতোয়ালী থানার উপপরিদর্শক (এসআই) মামুনুর রশীদ বলেন, আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। হুমকি প্রদানের বিষয়ে কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন মামলা বাদী। 

মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুজ্জামান বলেন, মামলাটি হয়েছে রংপুর কোতোয়ালী থানায়।

ইত্তেফাক/জেডএইচ