বকশীগঞ্জে মাদক সেবন করে মায়ের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করায় ছেলেকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার ঐ দণ্ড দেওয়ার পর ছেলে আনোয়ার হোসেনকে কারাগারে পাঠিয়েছে বকশীগঞ্জ থানা পুলিশ। বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম সম্রাট জানান, উপজেলার বিনোদরচর গ্রামের রুহুল আমীনের ছেলে আনোয়ার হোসেন মাদকদ্রব্য সেবন করে ঘরের সব আসবাবপত্র ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ভেঙে ফেলে। এ সময় মা মনোয়ারা বেগম বাধা দিলে তার সঙ্গেও ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে। মনোয়ারা বেগম বিষয়টি বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজাকে জানালে তিনি ঘটনাস্থলে এসে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছেলেকে ঐ দণ্ড দেন।