প্রাথমিকের দেড় কোটি শিক্ষার্থীর উপবৃত্তি বিতরণ করবে নগদ

প্রাথমিক পর্যায়ের দেড় কোটি শিক্ষার্থীর উপবৃত্তি এবং শিক্ষা উপকরণ ভাতা ডিজিটাল পদ্ধতিতে বিতরণের জন্য বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীর সংখ্যার বিবেচনায় ডিজিটাল পদ্ধতিতে বৃত্তি বিতরণের এটিই হবে বিশ্বের সর্ববৃহত্ ঘটনা। গতকাল বাংলাদেশ সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই), বাংলাদেশ ডাক বিভাগ এবং থার্ড ওয়েভ টেকনোলজিস লিমিটেডের মধ্যে এ বিষয়ে একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ত্রিপক্ষীয় চুক্তিপত্রে স্বাক্ষর করেছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসরুল আলম, বাংলাদেশ ডাক বিভাগের মহাপরিচালক মো. সিরাজ উদ্দিন এবং ‘নগদ’-এর নির্বাহী পরিচালক মো. সাফায়েত আলম। ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন। এ সময় প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মো. জাকির হোসেন এবং সচিব গোলাম মো. হাসিবুল আলম উপস্থিত ছিলেন। —প্রেস বিজ্ঞপ্তি