গাজীপুরের কাপাসিয়া উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বরাইদ থেকে নিখোঁজের দুই দিন পর গতকাল রবিবার দুপুরে প্রায় ৩ কিলোমিটার দূরে উপজেলা সদরের সাফাইশ্রী এলাকা থেকে রাজিব (৩২) নামে এক যুবকের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বিকালে পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। নিহত রাজিব উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বরাইদ গ্রামের প্রয়াত মুক্তিযোদ্ধা সুভাস ধরের ছেলে। কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ মো. আলম চাঁদ জানান, রাজিব গেল শুক্রবার রাত থেকে নিখোঁজ ছিল।
গতকাল রবিবার সকালে উপজেলা সদরের সাফাইশ্রী শশ্মান ঘাটের কাছে স্থানীয়রা একটি ক্ষতবিক্ষত লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে। খবর পেয়ে রাজিবের চাচা বাসুদেব ধর লাশ শনাক্ত করেন। রাজিব ঢাকা শহরে পাঠাও-এ মোটরসাইকেল ভাড়ায় চালাত। গত কয়েক মাস যাবত্ সে মায়ের সঙ্গে উপজেলার সাফাইশ্রী এলাকার একটি ভাড়া বাসায় থাকত। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে কুপিয়ে খুন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে মামলা নেওয়া হবে।