যুক্তরাষ্ট্রে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া টিকা বিতরণকে জটিল করছে :বিল গেটস

মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস বলেছেন, যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্টের ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া করোনা ভাইরাসের টিকা বিতরণ প্রক্রিয়াকে জটিল করে তুলছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রবিবার সিএনএনকে দেওয়া এক সাক্ষাত্কারে বিল গেটস এই আশঙ্কা প্রকাশ করেন। তবে প্রেসিডেন্ট ইলেক্ট জো বাইডেনের পদক্ষেপের প্রশংসা করেছেন। তিনি বাইডেনের সঙ্গে ইতিমধ্যে মহামারি নিয়ে কথাও বলেছেন বলে জানিয়েছেন।

বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের কো-চেয়ার বিল গেটস সিএনএনের ‘স্টেট অব দ্য ইউনিয়ন’কে দেওয়া সাক্ষাত্কারে বলেন, ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া জটিল হচ্ছে। কিন্তু নতুন প্রশাসন বিশেষজ্ঞদের ওপর নির্ভর করছে এবং তাদের ওপর আক্রমণ করছে না। তিনি বলেন, বাইডেনের প্রশাসন ইতিমধ্যে করোনা ভাইরাসের বিস্তার রোধে স্পষ্ট পরিকল্পনা প্রকাশ করেছে। এটা একটা বড় ইতিবাচক দিক। বিল গেটস বলেন, আমি খুশি যে, বাইডেনের প্রশাসন মানুষের সমস্যা এবং তাদের প্রধানত কী দরকার সেই বিষয়কে গুরুত্ব দিয়েছে। ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের পরিচালক ড. ফ্রান্সিস কলিনস এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকসিয়াস ডিজেজের পরিচালক ড. অ্যান্থনি ফাউচিকে করোনা টাস্কফোর্সে রাখায় জো বাইডেনের প্রশংসা করেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী। তিনি বলেন, পরিস্থিতি ভালো না হলে সেটা লুকিয়ে না রেখে স্বীকার করতে হবে এবং কঠোর বার্তা দিতে হবে। বিল গেটস আরো বলেন, বাইডেন ক্ষমতায় আসায় আমার ধারণা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি অন্য দেশের মতো খারাপ হবে না।

সাক্ষাত্কারে বিল গেটস যুক্তরাষ্ট্রের বর্তমান অবস্থা সম্পর্কে বলতে গিয়ে বলেন, করোনা মহামারির প্রথম দিকে যদি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হতো তাহলে এত খারাপ হতো না করোনা পরিস্থিতি। বরং বিশ্বের মধ্যে যুক্তরাষ্ট্রই সবচেয়ে ভালো অবস্থানে থাকত। বৃহস্পতিবারই গেটস ফাউন্ডেশন জানায়, তারা করোনা ভাইরাসের পরীক্ষা, চিকিত্সা এবং ভ্যাকসিনের উন্নয়ন ও গবেষণার জন্য আরো ২৫০ মিলিয়ন ডলার (২ হাজার ১১৮ কোটি ৪০ লাখ ৮০ হাজার টাকা ) প্রদান করছে। এ নিয়ে কোভিড-১৯ মোকাবিলায় গেটস ফাউন্ডেশনের অনুদানের পরিমাণ দাঁড়িয়েছে ১ দশমিক ৭৫ বিলিয়ন ডলার ( ১৪ হাজার ৮২৮ কোটি ৮৫ লাখ ৬০ হাজার টাকা)।