একযোগে বিএমডিএর ৩৮ কর্মকর্তাকে বদলি

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) ৩৮ জন কর্মকর্তা-কর্মচারীকে একযোগে বদলি করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে একই কর্মস্থলে ছিলেন। গত ৭ ডিসেম্বর বিএমডিএর ভারপ্রাপ্ত সচিব ইকবাল হোসেন স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে তাদের অন্যত্র বদলি করা হয়। আদেশে বদলিকৃতদের ৯ ডিসেম্বরের মধ্যে ছাড়পত্র গ্রহণ এবং ১০ ডিসেম্বর নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হলেও ১৩ ডিসেম্বর পর্যন্ত অধিকাংশ কর্মকর্তা নতুন কর্মস্থলে যাননি। তারা আগের কর্মস্থলেই থাকার জন্য তদবির চালিয়ে যাচ্ছেন বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। সূত্রের দাবি, বদলিকৃতরা একই স্থানে দীর্ঘদিন কর্মরত থেকে অনিয়ম-দুর্নীতির স্বর্গরাজ্য গড়ে তুলেছিলেন। এ কারণে তালিকা করে তাদের একযোগে বদলি করা হয়েছে।

আদেশে সহকারী প্রকৌশলী তানোরের মোহাম্মদ শরিফুল ইসলামকে মিঠাপুকুরে, মান্দার মাহফুজুর রহমানকে তানোরে, আত্রাইয়ের আনোয়ার হোসেনকে মান্দায়, সাদুল্লাপুরের আলী হোসেনকে আত্রাইয়ে, সদর দপ্তরের কামরুল আলমকে রাণীনগরে, গোমস্তাপুরের জামিনুর রহমানকে পীরগঞ্জে, গোদাগাড়ী-২-এর মোস্তাফিজুর রহমানকে গোমস্তাপুরে, দিনাজপুরের নজরুল ইসলামকে গোদাগাড়ী-২-এ, পবার এএসএম দেলোয়ার হোসেনকে দিনাজপুরে, সদর দপ্তরের সানজিদা খানম মলিকে পবায়, রংপুর সদরের মোফাজ্জল হোসেনকে তারাগঞ্জের অতিরিক্ত দায়িত্বে এবং রংপুর সার্কেলের মোহাম্মদ মোস্তাক আহমেদ সরকারকে বদরগঞ্জের অতিরিক্ত দায়িত্বে বদলি করা হয়েছে।