দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৩২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২৪ জন পুরুষ আর নারী ৮ জন। এ পর্যন্ত মোট মৃত ৭ হাজার ৫২ জনের মধ্যে পুরুষ ৫ হাজার ৩৮৬ (৭৬ দশমিক ৩৮ শতাংশ) ও নারী ১ হাজার ৬৬৬ জন (২৩ দশমিক ৬২ শতাংশ)। গত ২৪ ঘণ্টায় মৃত ৩২ জনের মধ্যে বিশোর্ধ্ব এক জন, ত্রিশোর্ধ্ব তিন জন, চল্লিশোর্ধ্ব এক জন, পঞ্চাশোর্ধ্ব সাত জন এবং ষাটোর্ধ্ব ২০ জন।
গতকাল রবিবার বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনা ভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য জানানো হয়। গত এক দিনে করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৫৫ জন। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৪ লাখ ৯০ হাজার ৫৩৩ জন হয়েছে। আর গত এক দিনে মারা যাওয়া ৩২ জনকে নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট মৃতের সংখ্যা ৭ হাজার ৫২ জনে দাঁড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিত্সাধীন আরো ৩ হাজার ৩৯৩ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ২০ হাজার ৮৯৬ জন হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১১২টি আরটি-পিসিআর ল্যাব, ১৮টি জিন-এক্সপার্ট ল্যাব ও ১০টি র্যাপিড অ্যান্টিজেন ল্যাবে অর্থাত্ সর্বমোট ১৪০টি ল্যাবে ১২ হাজার ৭৪৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ২৯ লাখ ৬৯ হাজার ৬৩০টি নমুনা। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১০ দশমিক ৬৩ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৬ দশমিক ৫২ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৫ দশমিক ৮০ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ। সরকারি ব্যবস্থাপনায় এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ২৩ লাখ ৭৩ হাজার ৮০৯টি। আর বেসরকারি ব্যবস্থাপনায় হয়েছে ৫ লাখ ৯৫ হাজার ৮২১টি।