রংপুরে বিআরটিএ অফিস থেকে ৬ দালাল আটক

রংপুর নগরীতে সেবা গ্রহীতাদের কাছ থেকে অবৈধভাবে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে বিআরটিএ অফিস থেকে ছয় দালালকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

আটককৃতরা হলেন, কাছনা এলাকার মৃত শমসের আলীর ছেলে দেলোয়ার হোসেন (৫০), বাহারকাছনা এলাকার জয়নাল আবেদিনের ছেলে আব্দুর রশিদ (৩১), কেরানীপাড়া এলাকার মৃত তমিজ উদ্দীনের ছেলে লিটন সরকার (৪০), একই এলাকার মৃত মেনহাজ উদ্দীনের ছেলে রিজাউল করিম রাজু (৫০), কামারপাড়া এলাকার আবু হানিফের ছেলে মো. হুমায়ন কবির (৩৮), ও মেডিকেল পূর্বগেট এলাকার আমজাদ হোসেনের ছেলে আল-আমিন হোসেন (৩১)।

রবিবার (১৩ ডিসেম্বর) দুপুরে নগরীর কাচারী বাজার সংলগ্ন বিআরটিএ অফিস থেকে ছয় দালালকে আটক করা হয় বলে জানিয়েছে মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি অ্যান্ড মিডিয়া) উত্তম প্রসাদ পাঠক। তিনি প্রেস বার্তায় জানান, দালাল চক্রের সদস্যরা বিআরটিএ অফিসে মোটরসাইকেল ও ড্রাইভিং রেজিস্ট্রেশন করতে আসা সেবাগ্রহীতাদের সেবা প্রদানে বাধা দান, সরকারি অফিসের ডেস্কে বসে কাজ করাসহ বিভিন্নভাবে হয়রানির মাধ্যমে টাকা আদায় করত। সেবা নিতে আসা লোকজনের অভিযোগের প্রেক্ষিতে সেখানে অভিযান চালিয়ে ছয় দালালকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মেট্রোপলিটন কোতয়ালী থানায় আইনগতভাবে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

ইত্তেফাক/জেডএইচডি