বাংলাদেশ ছাড়ছে বিশ্বের সর্ববৃহত্ ক্রেনবাহী জাহাজ তিয়ান ই

পদ্মা সেতুর ৪১তম ও শেষ স্প্যান বসিয়ে চীনের উদ্দেশে মাওয়া ছেড়েছে সেতুর কাজে ব্যবহূত বিশ্বের সবচেয়ে বড় ভাসমান ক্রেনবাহী জাহাজ ‘তিয়ান ই’। চট্টগ্রাম হয়ে এটি সমুদ্রপথে চীন পৌঁছাবে। সেতুর কাজে ব্যবহূত শতাধিক ভিন্ন ভিন্ন ক্রেনের মধ্যে সবেচেয়ে বড় ছিল এটি। ৩ হাজার ৬০০ মেট্রিক টন ওজনের সক্ষমতার ‘তিয়ান-ই’ ভাসমান ক্রেনবাহী জাহাজটি গত ১০ ডিসেম্বর সফলভাবে কাজ সম্পন্ন করে মাওয়া ছেড়ে যায়। বিশাল ক্রেনবাহী জাহাজটি প্রায় সাড়ে তিন বছর পদ্মা সেতুতে স্প্যান বসানোর কাজে নিয়োজিত ছিল। ক্রেনটির ৪১টি স্প্যান বসানোর দৃশ্য বিস্মিত করে পদ্মা তীরের মানুষকে। স্থানীয়রা বলছেন, পৃথিবীর সবচেয়ে বড় ভাসমান ক্রেন তিয়ান ইর মাধ্যমে পদ্মা সেতুর কাজ সফলভাবে সম্পন্ন হওয়ায় জাহাজটি ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে।

পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রজব আলী বলেন, চট্টগ্রাম বন্দর হয়ে তারা চীনে যাবে। আমাদের এলাকা পার হওয়ার জন্য যে নিরাপত্তা দরকার সেই নিরাপত্তার জন্য আমরা পুলিশকে চিঠি দিয়েছি। ২০১৭ সালে মাওয়ায় আসা ‘তিয়ান ই’ ঐ বছরের ৩০ সেপ্টেম্বর প্রথম স্প্যানটি স্থাপন করে। গত ১০ ডিসেম্বর শেষ স্প্যানটি বসিয়ে বাংলাদেশ মিশন শেষ করে ‘তিয়ান ই’।