ভাস্কর্যের বিরোধিতার সঙ্গে রাজাকারের সম্পর্ক নেই :মামুনুল

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ‘হেফাজত নতুন রাজাকার হয়ে দাঁড়াচ্ছে’ বক্তব্য দেওয়ার পর ইসলামি সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিস বলছে, যদি তারা ক্ষমতায় আসে তাহলে ভাস্কর্য সরিয়ে ফেলা ছাড়া উপায় থাকবে না।

বাংলাদেশ খেলাফতে মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলামের যুগ্মমহাসচিব শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক এই বক্তব্যের প্রতিবাদ করে বলেছেন—ভাস্কর্য বিরোধিতার সঙ্গে রাজাকার হওয়ার কোনো সম্পর্ক নেই। তিনি আরো বলেন, ‘ভাস্কর্য বিষয়ের সঙ্গে রাজাকারের কোনো সম্পর্ক আছে বলে আমরা মনে করি না। কোরআন-সুন্নাহর আলোকে ভাস্কর্য বা মূর্তি অথবা যে কোনো প্রাণীর দেহবিশিষ্ট অবয়ব সেটা ইসলাম গ্রহণ করে না। এটা রাজাকারের সঙ্গে কোনো সম্পর্ক না।’ তিনি বলেন, এটা রাজাকার বা স্বাধীনতার চেতনার বিষয়ের সঙ্গে সম্পর্কিত না আদৌ। মামুনুল হক বলেন, তারা একটা নিবন্ধিত সংগঠন হিসেবে রাজনীতিতে আছেন। যদি ইসলামি শাসন প্রতিষ্ঠিত হয় তাহলে ইসলামি আইন অনুসারে দেশে ভাস্কর্য রাখার অবকাশ থাকবে না।