ভৈরবে অটোরিকশা চালকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জের ভৈরবের মধ্যেরচর থেকে দুই হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত চালকের নাম সুজন মিয়া। তার বাড়ি শিমূলকান্দি ইউনিয়নের কান্দিপাড়া গ্রামে। গতকাল রোববার দুপুরে খবর পেয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের একটি দল ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

নিহত সুজন কান্দিপাড়া গ্রামের সাদির মিয়ার ছেলে। পরিবারের দাবি, সুজনকে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। এদিকে নিহতের স্ত্রী ঝর্ণা বেগমের অভিযোগ, ভোরে মোবাইল ফোনে তার স্বামীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় খুনিরা। পরে হাত-মুখ বেঁধে হত্যা করে মৃতদেহ সড়কের পাশে ফেলে যায়।