.আদালতের দিকে চেয়ে আছেন সিনহার বড় বোন শারমিন

মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার চার্জশিট আদালতে জমা দিয়েছে র্যাব। এখন আদালতের পরবর্তী নির্দেশনার দিকে চেয়ে আছেন মামলার বাদী সিনহার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস। চার্জশিট এবং তদন্তে কক্সবাজারের তত্কালীন পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেনকে আসামি হিসেবে অভিযুক্ত না করার বিষয়ে তার এক প্রতিক্রিয়ায় তিনি এমনটি মন্তব্য করেন।

শারমিন শাহরিয়া ফেরদৌস বলেন, আদালতের প্রতি আমার অগাধ বিশ্বাস রয়েছে। আমি তত্কালীন পুলিশ সুপারকে হত্যার অভিযোগে অভিযুক্ত করতে আবেদন করিনি। আমার আবেদন ছিল ওনার দায়িত্ব অবহেলা এবং বিতর্কিত বক্তব্য প্রচারের জন্য অভিযুক্ত করা। চার্জশিট এখনো হাতে পাইনি। তবে, বিভিন্ন মাধ্যমে যতটুকু খবর পেয়েছি চূড়ান্ত প্রতিবেদনের ভেতর এসপির দায়িত্ব অবহেলার কথা উল্লেখ করা হয়েছে। এমনটি হয়ে থাকলে পরবর্তী ব্যবস্থা আদালত স্বপ্রণোদিত হয়ে নিবে বলে আমার বিশ্বাস। তাই এখন আদালতের নির্দেশনার পানেই চেয়ে আছি আমি।

তিনি আরো বলেন, তদন্ত কর্মকর্তা প্রভাবমুক্ত হয়ে চার্জশিট দিয়েছেন। ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য যা প্রয়োজন তা সবই উঠে এসেছে তদন্তে। মামলার রায়ে অপরাধীদের শাস্তি হলে আরো খুশি হবেন বলে জানান তিনি।