করোনা ভাইরাস চিকিত্সা সম্পর্কিত বিভিন্ন ডায়াগনসিসের মূল্য তালিকা হাসপাতাল ও ক্লিনিকে প্রদর্শনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আদেশপ্রাপ্তির সাত দিনের মধ্যে ঐ তালিকা টাঙাতে স্বাস্থ্যসচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে বলা হয়েছে। এ সংক্রান্ত রিটের শুনানি নিয়ে বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল রবিবার এই আদেশ দেন। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে অক্সিজেন সিলিন্ডার, সিলিন্ডার রিফিলিং ও হাসপাতালে অক্সিজেনের ব্যবহার খরচসহ করোনা ভাইরাস রোগীদের দশটি জরুরি পরীক্ষার মূল্যনির্ধারণ সংক্রান্ত প্রতিবেদন হাইকোর্টে দাখিল করা হয়েছে। ঐ মূল্য তালিকা পর্যালোচনা ও অনুমোদনের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠিয়েছে অধিদপ্তর। আদালত বলেছে, যেসব হাসাপতাল ও ক্লিনিক করোনা ভাইরাসের চিকিত্সা দিচ্ছে, সেসব হাসপাতালের সামনে উন্মুক্ত স্থানে নতুন এ মূল্য তালিকা প্রদর্শন করতে হবে।
আদালতে প্রতিবেদনটি উপস্থাপন করেন সহকারী অ্যাটর্নি জেনারেল কালীপদ মৃধা এবং রিটের পক্ষে শুনানি করেন ড. বশির আহমেদ। ড. বশির বলেন, স্বাস্থ্য অধিদপ্তর করোনা ভাইরাস রোগীদের ১০টি পরীক্ষাসহ অক্সিজেনের মূল্য নির্ধারণ করেছে। এসব মূল্য তালিকা টাঙাতে হবে।