আজ সোমবার থেকে যুক্তরাষ্ট্রে শুরু হচ্ছে টিকাদান

জরুরি ব্যবহারের অনুমোদন পাওয়ার পর যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় সোমবার থেকে মার্কিন জনগণ ফাইজার/বাযয়োএনটেকের ভ্যাকসিন নেওয়ার সুযোগ পাবে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। ভ্যাকসিন বন্টনের কাজ তত্ত্বাবধানে নিয়োজিত জেনারেল গুস্তাভ পেরনা শনিবার বলেছেন, এই সপ্তাহান্তেই ভ্যাকসিনের প্রথম ৩০ লাখ ডোজ যুক্তরাষ্ট্রের সব রাজ্যে পৌঁছে দেওয়া হবে। খবর বিবিসির

কোভিড-১৯ এর বিরুদ্ধে ভ্যাকসিনটি ৯৫ ভাগ সুরক্ষা দেয় এবং এটি যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনেরও (এফডিএ) ছাড়পত্র পেয়েছে। শনিবারও যুক্তরাষ্ট্রে কোভিডের কারণে মারা যায় ৩ হাজার ৩০৯ জন। সংবাদ সম্মেলনে মার্কিন সরকারের টিকাদান কর্মসূচি অপারেশন ওয়ার্প স্পিডের সঙ্গে যুক্ত জেনারেল পেরনা জানান, ২৪ ঘণ্টায় ভ্যাকসিনগুলো পরিবহনের জন্য শিপিং কন্টেইনারে তোলা হবে। সোমবার বিভিন্ন রাজ্যের ১৩৪টি স্থানে ভ্যাকসিন দেওয়া শুরু হবে। পরে মঙ্গলবারে আরো ৪২৫টি এবং বুধবার আরো ৬৬টি স্থানে ভ্যাকসিন দেওয়ার কার্যক্রম চলবে। তিনি বলেন, পরের সপ্তাহে ফাইজার/বাযয়োএনটেকের প্রথম চালানের সব টিকা সরবরাহ শেষ হবে এবং আশা করা হচ্ছে যে প্রায় ৩০ লাখ মানুষ ভ্যাকসিনের আওতায় আসবে।

ফাইজারের ভ্যাকসিন এরই মধ্যে যুক্তরাজ্য, কানাডা, বাহরাইন এবং সৌদি আরবের অনুমোদন পেয়েছে। এসব দেশের মতো যুক্তরাষ্ট্রও স্বাস্থ্যকর্মী এবং কেয়ার হোমে থাকা বাসিন্দাদের সবার আগে ভ্যাকসিন দেবে বলে ধারণা করা হচ্ছে। অগ্রাধিকারের তালিকার বাইরে থাকা মার্কিনীরা জানুয়ারির দিকে ভ্যাকসিন পাবে বলে ধারণা করা হচ্ছে। আর এপ্রিল থেকে স্বাভাবিকভাবেই ভ্যাকসিন সবার আওতায় আসবে।