তথ্য গোপন করে দুটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) করার অভিযোগে নির্বাচন কমিশনের (ইসি) মামলায় জামিন পেয়েছেন জাতীয় হূদরোগ ইনস্টিটিউটের বরখাস্ত হওয়া চিকিত্সক ডা. সাবরিনা আরিফ চৌধুরী। সম্প্রতি ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালত থেকে তিনি জামিন পান। গতকাল জামিন পাওয়ার বিষয়টি প্রকাশ পায়।
গত ৩১ আগস্ট ডা. সাবরিনার বিরুদ্ধে গুলশান থানা নির্বাচন অফিসার মোহাম্মদ মমিন মিয়া বাদী হয়ে রাজধানীর বাড্ডা থানায় সাবরিনার বিরুদ্ধে এ মামলা দায়ের করেন। মামলায় বলা হয়, মিথ্যা তথ্য দিয়ে দ্বৈত ভোটার হয়ে এবং একাধিক জাতীয় পরিচয়পত্র নিয়ে আইন অনুযায়ী অপরাধ করেছেন সাবরিনা। তার দুইটি এনআইডির তথ্য তুলে ধরে বিবাদীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বলা হয়। ২০১০ সালের জাতীয় পরিচয় নিবন্ধন আইনের ১৪ ও ১৫ ধারায় এ মামলা দায়ের করা হয়েছে।