জার্মান রাষ্ট্রদূতকে ডেকে ‘সতর্কবার্তা’ ইরানের

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিরুদ্ধে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ তুলেছে ইরান। সংস্থাটির সভাপতির দায়িত্বে থাকা জার্মানির রাষ্ট্রদূতকে ডেকে ‘সতর্কবার্তা’ দিয়েছে ইরানী পররাষ্ট্র মন্ত্রণালয়।

জানা যায়, তেহরানে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূতকে গতকাল রবিবার (১৩ ডিসেম্বর) তলব করে বলা হয়েছে, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে ইইউর বিবৃতি দেয়ার কোনো অধিকার নেই। এ ধরনের হস্তক্ষেপমূলক বক্তব্য এখনই বন্ধ করতে হবে।

এর আগে গত শনিবার রুহুল্লাহ যাম নামে এক ভিন্ন মতাবলম্বী ইরানি সাংবাদিকের মৃত্যুদণ্ড কার্যকর করে তেহরান। এর প্রতিবাদ জানিয়ে একটি বিবৃতি দেয় ইইউ, যা অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ হিসেবে দেখছে ইরান।

জানা যায়, ম্যাসেজিং অ্যাপ ‘টেলিগ্রাম’ এবং ‘অমাদ নিউজ’-এর মাধ্যমে এর জাম ঘোষণা দেন তিনি ‘ইরানের পতন’ ঘটাবেন। তেহরান কর্তৃপক্ষ ২০১৭ সালের শেষে ‘ঘৃণা উদ্রেককারী আধেয়’ প্রচারের অভিযোগে চ্যানেলটি বন্ধ করে দিলেও, নানান নামে আবার এর সম্প্রচার শুরু হয়। দেশ থেকে নির্বাসিত হয়ে ফ্রান্স, ইসরায়েল ও আরো কিছু পশ্চিমা দেশের সহযোগিতায় ইরান-বিদ্বেষী প্রচার চালানোর অভিযোগে ২০১৯ সালে রুহুল্লাহ জামকে আটক করে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)।

গত মঙ্গলবার বিদেশে বসে ইরানের ইসলামি শাসনব্যবস্থা বিরোধী রাষ্ট্রদ্রোহী একটি ওয়েবসাইট পরিচালনার মূল হোতা রুহুল্লাহ জামের ফাঁসির আদেশ বহাল রাখে ইরানের সর্বোচ্চ আদালত।

ইত্তেফাক/টিআর