গত সোমবার করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে ভারতীয় অভিনেত্রী দিব্যা ভটনাগরের। তার মৃত্যুর কারণ যে শুধুই করোনা, সেটাও আতঙ্কের বিষয় তৈরি করেছে পরিচিত এবং ভক্তদের মধ্যে। প্রিয় বন্ধুর এই অকালপ্রয়াণে ভেঙে পড়েছিলেন ছোট পর্দার আরেক অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য। বন্ধুর করোনার কারণে মৃত্যুতে তিনি শোক প্রকাশ করে আরো একটি বিষয় নিয়ে মুখ খোলেন এই অভিনেত্রী। প্রিয় বন্ধুর জন্য সুবিচারের দাবিতে সরব হয়েছেন দেবলীনা।
সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে বলছেন, দিব্যা তার স্বামীর কাছে নিয়মিত পারিবারিক নির্যাতনের শিকার হতেন! দেবলীনার দাবি- গগন গাবরু দিব্যার ভালোমানুষির সুযোগ নিয়েছিলেন। ভালোবাসার অভিনয় করে তিনি দিব্যাকে বিয়েতে রাজি করান। দিব্যাও সেই ফাঁদে পা রাখেন, পরিবারের অমতে বিয়ে করেন গগনকে।
এরপরেই ধীরে ধীরে গগনের স্বরূপ প্রকাশ পায়! তিনি নিয়মিত দিব্যাকে মারধর করতেন, তার সব গয়নাও কেড়ে নিয়েছিলেন! স্বামীর এই অত্যাচার দিব্যাকে মানসিক দিক থেকে সম্পূর্ণ ভেঙে দিয়েছিল বলে দাবি করেছেন দেবলীনা।
দেবলীনা আরো জানিয়েছেন যে, গগনের ক্রিমিনাল রেকর্ডও রয়েছে! সিমলা পুলিশ স্টেশনে গগনের নামে ধর্ষণের অভিযোগ রয়েছে, ছয় মাস জেলও খাটতে হয়েছিল তাকে। এখনো সেই মামলা চললছে, তার নিষ্পত্তি হয়নি।
এরপর ফের একটি অডিও ক্লিপিংস শেয়ার করেছেন দেবলীনা। সেখানে দিব্যা বলছেন, ‘বে্লট দিয়ে মারে আমাকে। রোজ ভয় দেখায়। শারীরিক নির্যাতন করে। বলে রেপ কি হয় জানো, অন্য ছেলেকে দিয়ে রেপ করালে বুঝবে। আমার স্বামী এসব বলছে আমায়। কথায় কথায় বলে আমাকে খুন করে জেলে যাবে ও। কিছু যদি কাউকে বলি তাহলে আমার ভাই ও মাকেও মেরে ফেলবে। অনেকে বারণ করেছিল গগণকে বিয়ে না করতে। তাও করেছিলাম আমি। এটাই সব থেকে বড় ভুল। এমনকি বিয়ের সময়েও আমায় জোর করে ও।" আর এই কথা বলতে বলতে কেঁদে ফেলেন দিব্যা।
ইত্তেফাক/বিএএফ