ফের এরদোয়ানকে এক হাত নিল ইরান 

প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের কবিতা আবৃত্তি নিয়ে ইরান ও তুরস্কের কথার লড়াই চলছেই। এরই মধ্যে ইরান ফের এরদোয়ানের কড়া সমালোচনা করেছে।   

ইরানের জাতীয় সংসদের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তা বিষয়ক কমিশনের উপ প্রধান শাহরিয়ার হায়দারি বলেন, এরদোয়ান তার বক্তব্যের মাধ্যমে প্রমাণ করেছেন তিনি ইতিহাস জানেন না এবং ঠিকমতো কবিতাও পড়তে পারেন না। তাকে বরং এমন একটি বিষয়ে কথা বলতে বলা হয়েছে যা গোটা অঞ্চলের ওপর ক্ষতিকর প্রভাব ফেলে।   

রবিবার বার্তা সংস্থা ইরানপ্রেসকে দেয়া সাক্ষাৎকারেশাহরিয়ার হায়দারি বলেন, তুর্কি প্রেসিডেন্ট ককেশাস অঞ্চলের তেল ও গ্যাস সম্পদের দিকে নজর দিয়েছেন। কাজেই আজারবাইজানের সরকার ও জনগণের দৃষ্টিকে ভিন্নখাতে প্রবাহিত করার লক্ষ্যে তিনি এ বিতর্কিত কবিতা আবৃত্তি করেছেন।  

তিনি আরো বলেন, তুরস্ক বহু বছর ধরে তুর্কমেনিস্তানের গ্যাস কাস্পিয়ান সাগরের ভেতর দিয়ে আজারবাইজান ও জর্জিয়াকে অতিক্রম করে চড়া দামে ইউরোপে বিক্রি করার পরিকল্পনা মাথায় নিয়ে এগুচ্ছে।   

এদিকে এরদোয়ানের প্রতি অবমাননাকর বক্তব্যের জেরে কড়া ভাষায় প্রতিবাদ জানিয়েছে তুরস্ক। তুর্কি প্রেসিডেন্টের যোগাযোগ পরিচালক ফাহেরেটিন আলতুন বলেছেন, একটি কবিতা আবৃত্তিকে কেন্দ্র করে আমাদের প্রেসিডেন্ট এবং দেশকে নিয়ে যে আপত্তিকর ভাষা ব্যবহার করেছে ইরান এর নিন্দা জানাই।

তিনি আরো বলেছেন, ঐ কবিতার সঙ্গে ইরানের কোন মিল নেই।    
 
ইত্তেফাক/এসআর