সাংবাদিক ফারাজী আজমলের স্ত্রীর দাফন সম্পন্ন

দৈনিক ইত্তেফাকের বিশেষ প্রতিনিধি ফারাজী আজমল হোসেনের সহধর্মিণী জিন্নাতুন বাকিয়া ছবির দাফন রবিবার যশোরের অভয়নগর উপজেলার এক্তারপুরে সম্পন্ন হয়েছে। স্থানীয় ঈদগাহ ময়দানে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়। 

ইউসিবিলের ভাইস প্রেসিডেন্ট জিন্নাতুন বাকিয়া গত শুক্রবার রাতে দিল্লির অ্যাপলো হসপিটালে ইন্তেকাল করেন। কিডনি ট্রান্সপ্লান্টেশনের পর কোভিড-১৯ আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। তিনি স্বামী ও এক কন্যা রেখে গেছেন। গত শনিবার মরহুমার লাশ বিমানযোগে দিল্লি থেকে কলকাতা এবং সেখান থেকে বেনাপোল হয়ে যশোর নিয়ে যাওয়া হয়।

জানাজার পূর্বে সমবেত মুসল্লিদের উদ্দেশে ফারাজী আজমল হোসেন তার স্ত্রীর পক্ষ থেকে সবার কাছে ক্ষমা ও দোয়া প্রার্থনা করেন। স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বহু মানুষ জানাজায় শরিক হন। তারা ফারাজী আজমল ও তার পরিবারের প্রতি সমবেদনা জানান।

ইত্তেফাক/কেকে