উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য ও নকশা বহির্ভূতভাবে কুষ্টিয়ায় সড়ক ঘেঁষে বহুতল ভবন নির্মাণ করছে প্রভাবশালী একটি মহল। এছাড়া উচ্চ আদালতের রায় ‘স্থিতাবস্থা’ উল্লেখ করে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও কুষ্টিয়া পৌরসভা কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ দিয়েও মিলছে না প্রতিকার। এদিকে বিধি বহির্ভূত ভবন নির্মাণ বন্ধে কুষ্টিয়ায় নিম্ন আদালতে আরেকটি মামলা করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, উচ্চ আদালতে দায়েরকৃত রিটের স্থিতাবস্থা আদেশ উপেক্ষা ও ইমারত নির্মাণ আইন সম্পূর্ণ লঙ্ঘন করে শহরের বাণিজ্যিক এলাকা বাবর আলী রেলগেটের উত্তরপাশে সুহাইল টাওয়ার নামকরণে ব্যক্তি মালিকানায় ৮তলা বাণিজ্যিক ভবন নির্মাণ চলমান। জনবহুল এলাকার সড়ক ও পার্শ্ববর্তী অপর ভবনের গা ঘেঁষে নির্মাণাধীন বহুতল এ ভবন নির্মাণ করা হচ্ছে। এছাড়া মূল ভবনের পশ্চিম পাশে বাইরের দিকে নক্সা বহির্ভূত সিঁড়ি নির্মাণ করা হয়েছে। নকশা বহির্ভূত এ নির্মাণ কাজ বন্ধে ব্যবসায়ী দিলিপ কুমার রায় উচ্চ আদালতে রিট করেন। ওই রিটের আদেশে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া স্থিতাবস্থা বজায় রাখতে রায় প্রদান করেন। কিন্তু তা স্বত্বেও প্রভাবশালী জনৈক সুফিয়া খাতুন গং আদালতের রায়কে তোয়াক্কা না করে অব্যাহত রাখেন নির্মাণ কাজ। এদিকে নির্মাণ বিধি লঙ্ঘনের অভিযোগে চলতি বছরের ২৪ নভেম্বর কুষ্টিয়া যুগ্ম জজ দ্বিতীয় আদালতে আরেকটি মামলা হয়েছে। প্রভাবশালীদের অব্যাহত হুমকি ও ক্ষমতার দাপটে মামলার বাদী ব্যবসায়ী দিলিপ কুমার রায় অসহায় হয়ে পড়েন। নাগরিক পরিষেবা দানকারী পৌরসভা কর্তৃপক্ষের নির্লিপ্ততায় স্থানীয়দের মধ্যে সৃষ্টি হয়েছে অসন্তোষ। কুষ্টিয়া পৌরসভার পরিধি ও লোকসংখ্যা পূর্বের তুলনায় বেড়েছে বহুগুণ। সড়ক ঘেঁষে সিঁড়ি ও বহুতল ভবন নির্মাণে যানজটসহ জন-দুর্ভোগ বাড়বে বলে স্থানীয়রা অভিযোগ করেন।
আরো পড়ুন: খুলনায় স্কুলছাত্রী শিমলা হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন
ভবনের মালিক সুফিয়া খাতুনের স্বামী ঠিকাদার আক্তারুজ্জামান জানান, নকশা বহির্ভূত কোন স্থাপনা নির্মাণের সুযোগ নেই। নির্মাণে কোন ভুল-ত্রুটি হলে তা সংশোধন করা হবে বলে তিনি জানান।
মামলার বাদীর আইনজীবী মো. শরিফুল আলম কামাল জানান, হাইকোর্টের আদেশ ও ইমারত নির্মাণ বিধি অমান্য করে বহুতল ভবনটি নির্মাণ করা হচ্ছে। ভবন নির্মাণকারীরা আদালতের রায়ও মানছেন না।
কুষ্টিয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. রবিউল ইসলাম জানান, নির্মিতব্য বহুতল ভবন সম্পর্কে লিখিত একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মূল ভবনের বাইরে নির্মিত সিঁড়ি নকশা বহির্ভূত বলে তিনি জানান।
ইত্তেফাক/এএএম