অন্য হিরোদের ছবির খরা থাকলেও চিত্রনায়ক নিরবের নেই। একের পর এক ছবিতে যেমন চুক্তিবদ্ধ হচ্ছেন ঠিক একইভাবে ছবিগুলো শেষও করছেন।
সম্প্রতি চলচ্চিত্র নির্মাতা সৈকত নাসির পরিচালিত ‘ক্যাশ’ নামের ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন চিত্রনায়ক নিরব। তার বিপরীতে রয়েছেন পূজা চেরি।
উল্লেখ্য, সম্প্রতি শেষ হওয়া নিরবের বাকি দুটি ছবিতে নায়িকা হিসেবে ছিলেন অপু বিশ্বাস ও বুবলী। মিডিয়া জীবনে অপু আর বুবলীর অবস্থান সাংঘর্ষিক হলেও নিরব পরপর এই দুই নায়িকাকে নিয়েই দুটি ছবির হিরো বনে গেলেন! এ নিয়ে মিডিয়াপাড়ায় মুখরোচক গল্পের কমতি নেই।
নিরব বলেন, ‘চলচ্চিত্র সংকট সংকট বলে চিত্কার করলে তো আসলে সমাধান আসবে না। এর জন্য আমাদেরই এগিয়ে আসতে হবে। তাই কাজ করে যাই। এই করোনাকালীন সংকটে আমরা সবাই পড়েছি। নিজেদের এ থেকে উত্তরণের একমাত্র পথ হলো বেশি বেশি ছবি তৈরি হওয়া। তাই অন্য কোনোকিছু মাথায় না এনে শুধু কাজ করে যাচ্ছি।’
নিরব, পূজা চেরি, এভ্রিল ছাড়াও ‘ক্যাশ’ ছবির আরো গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সাঞ্জ জন, এল আর খান সীমান্ত, ফারহান খান রিও, জন জাহিদ। এছাড়া আরো একজন নারী বিশেষ চরিত্রে থাকবে। যেটা আপাতত চমক হিসেবেই রাখতে চান জাতীয় পুরস্কারপ্রাপ্ত নির্মাতা সৈকত নাসির।
জানা গেছে, ৩ জানুয়ারি থেকে শুটিং শুরু হবে। পরিচালক সৈকত নাসির বলেন, ‘নিরবের সঙ্গে ক্যাসিনো ছবি করে ফিল্ম বিষয়ে তার ধৈর্য্য আমাকে চরমভাবে আকর্ষণ করেছে। চমত্কার বোঝাপড়া তৈরি হয়েছে। তার এই লেগে থাকাই একদিন সাফল্য হয়ে ধরা দেবে। এ জন্য নিরবের সঙ্গে আবার কাজ করছি।’
তিনি আরো বলেন, ‘পূজাকে নিয়ে অফিসিয়ালি এটাই প্রথম কাজ হতে যাচ্ছে। সে ভালো অভিনেত্রী। ক্যাশের মাধ্যমে সে নতুন কিছুর দিয়ে নিজেকে আবার প্রমাণের সুযোগ পাবে। বাকি যারা আছে প্রত্যেকের চরিত্রই সমানভাবে গুরুত্বপূর্ণ। এটি নায়ক-নায়িকা নির্ভর কোনো ছবি না। আমার টার্গেট ওয়ার্ল্ড ক্লাস ছবি বানানো।’