এএফপি
করোনায় আক্রান্ত হওয়ার পর এস্তোয়াটিনির প্রধানমন্ত্রী এমব্রুস দালিমিনি (৫২) গত রবিবার দক্ষিণ আফ্রিকার একটি হাসপাতালে মারা গেছেন। দেশটির সরকার এক বিবৃতিতে তার মৃত্যুর কথা জানালেও এর কারণ উল্লেখ করেনি।
ডিসেম্বরের প্রথম দিকে এমব্রুস দালিমিনি প্রতিবেশী দক্ষিণ আফ্রিকার এক হাসপাতালে ভর্তি হন। এর দুই সপ্তাহ আগে তার শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছিল। তবে তিনি তখন বলেছিলেন, তিনি উপসর্গহীন এবং সুস্থ বোধ করছেন।
মূলত ব্যবসায়ী এমব্রুস রাজনীতিতে নবীন ছিলেন। তিনি ২০১৮ সালের অক্টোবরে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। আফ্রিকার শেষ কঠোর রাজতন্ত্রের দেশ এস্তোয়াটিনিতে সরকারপ্রধানের ক্ষমতা সীমিত। রাজাই পার্লামেন্ট নিয়ন্ত্রণ করেন এবং সব মন্ত্রী নিয়োগ দেন। বর্তমান রাজা ১৯৮৬ সাল থেকে ক্ষমতায় আছেন।