রাজশাহীতে ছয় জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ

স্টাফ রিপোর্টার, রাজশাহী

রাজশাহীর পবা উপজেলার আলোকছত্র গ্রামের সাইদার রহমান হত্যা মামলায় ছয় জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। বিভাগীয় স্পেশাল জজ মোসাম্মত্ ইসমত আরা রবিবার বিকালে এ মামলার রায় প্রদান করেন। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন দুলাল উদ্দিন, তার স্ত্রী মিনারা খাতুন, মো মিঠু, মো. তোতা, রঞ্জু ওরফে বাবু এবং মো. বুলবুল। আসামিরা সবাই একই পরিবারের সদস্য। আদালতের বিশেষ পিপি শফিকুল ইসলাম রেন্টু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আসামি তোতা ও মিঠুকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশের পাশাপাশি ৫০ হাজার টাকা করে অর্থদণ্ডাদেশ ও অন্য চার আসামিকে কারাদণ্ডাদেশের পাশাপাশি ১০ হাজার টাকা করে অর্থদণ্ডাদেশ দেওয়া হয়েছে। মামলার বিবরণে প্রকাশ, ২০০৫ সালের ১৯ জুলাই আসামিরা সংঘবদ্ধভাবে সাইদারকে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে পবা থানায় হত্যা মামলা দায়ের করেন।