প্রচারণা শুরু করেছেন সম্ভাব্য প্রার্থীরা

জকিগঞ্জ পৌরসভা নির্বাচন

জকিগঞ্জ (সিলেট) সংবাদদাতা

পৌরসভার নির্বাচনকে ঘিরে সিলেটের জকিগঞ্জে বিরাজ করছে নির্বাচনি আবহ। তপশিল ঘোষণা না হলেও আগামী জানুয়ারি মাসের শেষের দিকে এ নির্বাচন হতে পারে বলে জানায় সংশ্লিষ্টরা। এরইমধ্যে মেয়র ও কাউন্সিলর পদের সম্ভাব্য প্রার্থীরা শুরু করেছেন গণসংযোগ, মতবিনিময়সহ নানা তত্পরতা। এখন পর্যন্ত আওয়ামী লীগের মনোনয়ন চাইবেন এমন সম্ভাব্য মেয়র প্রার্থী ছয় জন। তারা হলেন—বর্তমান মেয়র মো. খলিল উদ্দিন, উপজেলা যুবলীগের আহ্বায়ক আব্দুল আহাদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, সাবেক ভারপ্রাপ্ত মেয়র বাবুল হোসেইন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ফারুক আহমদ।

বিএনপির সম্ভাব্য প্রার্থীরা হচ্ছেন—জকিগঞ্জ পৌরসভার প্রথম মেয়র ইকবাল আহমদ, পৌরসভা বিএনপির সাবেক সভাপতি বদরুল হক বাদল, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন হিরা, জাতীয়তাবাদী মহিলা দলের উপজেলা সভাপতি সাবেক কাউন্সিলর হোসনে জাহান রিনা।

বর্তমান মেয়র মো. খলিল উদ্দিন বলেন, দলীয় মনোনয়ন পেলে আবারও প্রার্থী হবো। যুবলীগ নেতা আব্দুল আহাদ বলেন, দলীয় নেতাকর্মী ও স্থানীয় জনগণ নৌকায় নতুন প্রার্থী চান। সাবেক মেয়র ইকবাল আহমদ বলেন, নাগরিক সেবা নিশ্চিত করতে অনেকেই আমাকে চাচ্ছেন পৌরসভায়। আব্দুল্লাহ আল মামুন হীরা বলেন, দলের কাছে মনোনয়ন চাইব। নির্বাচনের প্রস্তুতি রয়েছে। এদিকে, সম্ভাব্য মেয়রপ্রার্থী হিসেবে জাতীয় পার্টির সম্ভাব্য প্রার্থী সাবেক মেয়র আব্দুল মালেক ফারুকের নামও শুনা যাচ্ছে। তাছাড়া, গত নির্বাচনে খেলাফত মজলিস থেকে প্রতিদ্বন্দ্বিতাকারী মো. জাফরুল ইসলামও প্রার্থী হতে পারেন।