গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা
গোয়ালন্দে ব্যবসায়ী আলমাস খা হত্যার ঘটনায় সোমবার স্ত্রী রাহেলা বেগম বাদী হয়ে মামলা দায়ের করেছেন। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা তিন জনের মধ্যে দুই জনকে গ্রেফতার দেখিয়েছে। গ্রেফতারকৃতরা হলো উপজেলার উজানচর ইউপির সাহাজদ্দিন মাতুব্বর পাড়ার সেলিম শেখ ও দুদুখান পাড়ার আজিজুল শেখ। নিহত ব্যবসায়ী আলমাস খা উপজেলার উজানচর ইউপির সাহাজদ্দিন মাতুব্বর পাড়ার মৃত বাবু খার ছেলে। তিনি স্থানীয় আজিজুল শেখ এর বিস্কুট কারখানা থেকে বিস্কুট কিনে বিভিন্ন দোকানে বিক্রি করতেন। এজাহারে উল্লেখ করা হয়েছে, শনিবার রাত থেকে আলমাস নিখোঁজ ছিল। রবিবার দুপুরে স্থানীয় ছাত্তার মোল্লার পুকুর থেকে তার বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়। গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, প্রাথমিকভাবে হত্যার সঙ্গে জড়িত সন্দেহে দুই জনকে গ্রেফতার দেখানো হয়েছে। শিগিগরই হত্যার কারণ উদ্ঘাটন হবে।