অনলাইনে ব্যবসার নামে প্রতারণা

তিন চক্রের ছয় সদস্য গ্রেফতার, প্রতারণায় ব্যবহূত নানা সরঞ্জাম জব্দ

 বিশেষ প্রতিনিধি

রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে ইকমার্সভিত্তিক তিনটি প্রতারক চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ। এ সময় প্রতারণায় ব্যবহূত বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। গত রবিবার রাতে কামরাঙ্গীরচরের পশ্চিম রসুলপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।  গ্রেফতারকৃতরা হলো—রকি বিশ্বাস, হেকমত আলী, কচিবুর রহমান, শিমুল মণ্ডল, আনিছুর রহমান শেখ ও মাজহারুল ইসলাম। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহূত এসএ পরিবহন পার্সেল অ্যান্ড কোচ সার্ভিসের বুকিং মেমো ২০২টি, পণ্য বিক্রয়ের ক্যাশমেমো ১১৭টি, ৪৬ জোড়া বিভিন্ন রঙের ব্যবহারের অযোগ্য জুতা, ১০টি চার্জার, ১টি ল্যাপটপ, ১৫টি বিভিন্ন পণ্যের বুকিং ফেরতযোগ্য বক্স, ১২টি বিভিন্ন মডেলের ব্যবহারের অযোগ্য মোবাইল ফোনসেট ও ব্যবহারযোগ্য ১৪টি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়। গতকাল সোমবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার।

তিনি বলেন, গ্রেফতারকৃতরা ছদ্মনামে ফেসবুক পেজ ব্যবহার করে দারাজ অনলাইন, দারাজ অনলাইন ৭১, দারাজ অনলাইন শপ, দারাজ এক্সপ্রেস, দারাজ অনলাইন বিডি, ফ্যাশন জোন, গ্যালাক্সি ২৪, অনলাইন মোবাইল গ্যালাক্সি, শপিং সেন্টার নেট, শপিং জোন বিডি, শপিং ডেলস, স্মার্ট শপ বিডি, উইনটার কালেকশন, সোনিয়া ফ্যাশন হাউজ, সু বাজার ডট কম, ফ্যাশন হাউজ ২৪, চায়না ফ্যাশন বিডি, বিডি ফ্যাশন শপসহ অনলাইন শপিংয়ের নামে একাধিক পেজ খোলে। উক্ত পেজে অনলাইন শপিংয়ের নামে ভালো মানের মোবাইল ফোন, জুতা, ঘড়ি, থ্রিপিস, শাড়িসহ প্রয়োজনীয় সামগ্রীর বিজ্ঞাপন দেয়। কোনো ব্যক্তি বিজ্ঞাপন দেখে অর্ডার করলে অর্ডার নিশ্চিত হওয়ার পর গ্রেফতারকৃতরা নকল, ভাঙাচোরা, নষ্ট ও অপেক্ষাকৃত নিম্নমানের সামগ্রী প্যাকেটিং করে এসএ পরিবহন অ্যান্ড কুরিয়ার সার্ভিসে বুকিং দেয়।

তিনি আরো বলেন, প্রতারক চক্রের রকি বিশ্বাস ও হেকমত আলী ১৬টি অনলাইন শপিং পেজের মাধ্যমে অনলাইনে দামি মোবাইলের ছবি দেখিয়ে অর্ডার কনফার্ম করে এবং বুকিং মানি নেয়। প্রতারক চক্রের দ্বিতীয় গ্রুপ কচিবুর রহমান পাঁচটি অনলাইন শপিং পেজের মাধ্যমে অনলাইনে দামি ব্র্যান্ডের জুতা দেখিয়ে অর্ডার কনফার্ম করে এবং বুকিং নেয়।  এরপর উভয় চক্র আনিছুর রহমান শেখ ও মাজহারুল ইসলাম কনফার্মকৃত অর্ডারের বিপরীতে নষ্ট ও ব্যবহারের অযোগ্য পণ্য প্যাকেজিং করে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করে। প্রতারক চক্রের তৃতীয় গ্রুপ শিমুল মণ্ডল ও তার ভাই পলাতক অভিযুক্ত আশিকুর রহমান ওরফে সুজন তিনটি অনলাইন শপিং পেজের মাধ্যমে দামি ব্র্যান্ডের জামাকাপড়ের বিজ্ঞাপন দেয়। সুজন নড়াইলে বসে অর্ডার কনফার্ম হলে ফোনে তার ভাই শিমুল মণ্ডলকে অবহিত করে। সে নিজেও অর্ডার পেলে তখন গাউছিয়া ও নিউমার্কেটের সামনে ফুটপাত থেকে অর্ডার অনুযায়ী অপেক্ষাকৃত নিম্নমানের জামাকাপড় ক্রয় করে এসএ পরিবহন অ্যান্ড কুরিয়ার সার্ভিসে বুকিং দিয়ে অভিনব পদ্ধতিতে প্রতারণা করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজধানীর মিরপুর মডেল থানায় একটি মামলা রুজু করা হয়েছে।