হেফাজতে ইসলাম বাংলাদেশ ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব এবং কওমি মাদরাসা বোর্ডের সিনিয়র সহসভাপতি শাইখুল হাদিস আল্লামা নূর হোসাইন কাসেমীর নামাজে জানাজা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হয়েছে গতকাল সোমবার সকাল সোয়া ৯টায়। বরেণ্য এই আলেমের জানাজায় বিভিন্ন শ্রেণির লাখো মানুষের ঢল নামে। জানাজায় ইমামতি করেন মরহুমের ছোট ছেলে মুফতি জাবের কাসেমী। হেফাজতের আমির শাইখুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরীসহ দেশের শীর্ষস্থানীয় ওলামা-মাশায়েখ ও রাজনীতিবিদরা এতে অংশ নেন।
জানাজায় অংশ নিতে হেফাজতকর্মীরা দূর-দূরান্ত থেকে ঢাকায় আসেন। জানাজার আগে কাসেমীর রুহের মাগফিরাত কামনায় দোয়া চান জুনাইদ বাবুনগরী, নিজ দল জমিয়তে উলামায়ে ইসলামের ভারপ্রাপ্ত সভাপতি আল্লামা জিয়াউদ্দিন, কওমি শিক্ষা বোর্ড বেফাক ও আল-হাইআর পক্ষ থেকে ভারপ্রাপ্ত সভাপতি আল্লামা মাহমুদুল হাসান ও পরিবারের পক্ষ থেকে আল্লামা কাসেমীর ছোট ভাই মাওলানা আবদুল কুদ্দুস। জানাজায় শীর্ষ আলেমদের মধ্যে আরো উপস্থিত ছিলেন দারুল উলুম দেওবন্দের শুরা সদস্য মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা মুহিবুল্লাহ বাবুনগরী, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মুফতি মুহাম্মদ ওয়াক্কাস, জামায়াতে ইসলামের নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমান, শায়খ জিয়া উদ্দিন, মাওলানা উবায়দুল্লাহ ফারুক, মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব, মাওলানা নাজমুল হাসান, মাওলানা মাহফুজুল হক রাহমানিয়া, মাওলানা জুনায়েদ আল হাবীব, মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মাওলানা মামুনুল হক, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমেদ আব্দুল কাদের প্রমুখ। তারা স্মৃতিচারণ করে কাসেমীর কর্মবহুল জীবনের নানা দিক নিয়ে কথা বলেন। পরে সকালে ১১টার দিকে আশুলিয়া বেড়িবাঁধসংলগ্ন রাজধানীর তুরাগ এলাকায় কাসেমীর প্রতিষ্ঠিত জামিয়া সুবহানিয়া মাহমুদনগর, ধউর মাদরাসায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাঁকে। এর আগে রবিবার দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৬ বছর।
কাসেমীর জানাজায় অংশ নিয়ে ইসলামী আন্দোলনে তার অবদান ও ত্যাগের কথা স্মরণ করেন সংগঠনটির আমির আল্লামা জুনাইদ বাবুনগরী। এ সময় তিনি কান্নায় ভেঙে পড়েন। জানাজার আগে সংক্ষিপ্ত বক্তৃতায় বাবুনগরী বলেন, কাসেমী অন্যায়ের সঙ্গে কখনো আপস করেননি। আমরা তার কাছ থেকে শিক্ষা গ্রহণ করব ইনশাআল্লাহ।