মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তরের অধীনে সরকারি স্কুল-কলেজে ৪ হাজার ৩২ পদে নিয়োগে প্রতারক চক্র থেকে সতর্ক থাকতে অনুরোধ করা হয়েছে। গতকাল সোমবার অধিদপ্তরের পরিচালক (কলেজ ও প্রশাসন) মো. শাহেদুল খবির চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই সতর্ক থাকার অনুরোধ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অধিদপ্তরের আওতাধীন অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের জন্য ২৮ ক্যাটাগরির ৪ হাজার ৩২টি শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে গত ২২ অক্টোবর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী পরীক্ষা গ্রহণের প্রস্তুতি ও দাপ্তরিক কার্যক্রম চলমান রয়েছে। পরীক্ষার তারিখ এখনো নির্ধারণ করা হয়নি। কিন্তু এরই মধ্যে কিছু প্রতারক চক্র চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে চাকরিপ্রার্থীদের সঙ্গে প্রতারণা করার চেষ্টা করছে বলে প্রতীয়মান হচ্ছে। এমতাবস্থায় কেউ যাতে কোনো প্রতারণার ফাঁদে না পড়েন, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার অনুরোধ করা হলো।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সব ধরনের পরীক্ষার (লিখিত, ব্যাবহারিক ও মৌখিক) তারিখ, সময় ও ভেন্যু এবং নিয়োগের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হলে তা প্রার্থীকে সরাসরি মোবাইলে এসএমএসের মাধ্যমে জানানো হবে। সবকিছুই অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।