মার্কিন অর্থ ও বাণিজ্য বিভাগের ইমেইলে গুপ্তচরবৃত্তি চালিয়েছেন রাশিয়ার হ্যাকাররা। এই ঘটনা এতটা গুরুত্বপূর্ণ ছিল যে শনিবার হোয়াইট হাউজে জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠক হয়। মার্কিন কর্মকর্তারা এ বিষয়ে প্রকাশ্যে কিছু বলেননি। তবে সাইবার সিকিউরিটি এজেন্সি ও এফবিআইকে বিষয়টি তদন্ত করতে বলা হয়েছে। জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন উলিঅট বলেছেন, তারা এই ধরনের পরিস্থিতির বিষয়ে সব ধরনের পদক্ষেপ নিচ্ছেন। মার্কিন সরকার আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি যে, এই হ্যাকিংয়ের পেছনে রাশিয়ার হ্যাকাররা রয়েছেন। তবে এ বিষয়ে জানেন এমন তিন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, রাশিয়ার হ্যাকাররাই এর পেছনে আছেন বলে ধারণা করা হচ্ছে। —রয়টার্স