সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের নামে বাংলাদেশে ফেসবুক ডটকম ডটবিডি নামে ওয়েবসাইটে বিটিসিএল থেকে বরাদ্দ নেওয়া ডোমেইনের ওপর অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। গতকাল সোমবার ঢাকার জেলা জজ শওকত আলী চৌধুরী এ আদেশ দেন। একই সঙ্গে ওয়েবসাইটটি বন্ধে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে বিবাদীদের প্রতি কারণ দর্শানোর আদেশ দিয়েছে আদালত। আদালতে ফেসবুকের পক্ষে শুনানি করেন আইনজীবী এসএম আরিফুল ইসলাম।
ফেসবুকের নামে বিকল্প ওয়েবসাইট খোলায় ৫০ হাজার ডলারের (৪৪ লাখ টাকা) ক্ষতিপূরণের মামলা করে ফেসবুক কর্তৃপক্ষ। বাংলাদেশে নিযুক্ত ফেসবুকের আইনজীবী ব্যারিস্টার মোকছেদুল ইসলাম মামলাটি করেন। মামলায় এ ওয়ান সফটওয়্যার লিমিটেড নামের বাংলাদেশি প্রতিষ্ঠানকে বিবাদী করা হয়েছে। এই প্রতিষ্ঠানটি ফেসবুক ডটকম বিডি নামে একটি দেশি ডোমেইন খোলে। ঐ ডোমেইনটি ৬ মিলিয়ন ডলারে বিক্রি করা হবে বলে ঐ দেশি ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে।