সাম্প্রদায়িক অপশক্তি নির্মূলে স্বাধীনতার সপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে :কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাম্প্রদায়িক অপশক্তিকে সমূলে মূলোত্পাটন করতে মুক্তিযুদ্ধের সপক্ষের সব শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে গতকাল সোমবার সকালে মিরপুরে শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, ‘সাম্প্রদায়িক অপশক্তিরা এখনো ষড়যন্ত্র করছে, এদের বিষবৃক্ষের ডালপালা এখনো বিস্তার করে আছে। শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রদায়িক অপশক্তির মূলোত্পাটন করাই হবে শহিদ বুদ্ধিজীবী দিবসের শপথ। মুক্তিযুদ্ধের সপক্ষের সব শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।’

দেশের বিভিন্ন স্থানে জিয়াউর রহমানের ভাস্কর্য রয়েছে কিন্তু, বিএনপি এ ব্যাপারে নীরবতা পালন করছে। এই নীরবতাকে কী হিসেবে দেখছেন? এমন এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির নীরবতার কারণ তো পরিষ্কার। পেছন থেকে মদত দিচ্ছে তারা। তারাই এই সাম্প্রদায়িক অপশক্তির পৃষ্ঠপোষক, জঙ্গিবাদের পৃষ্ঠপোষক—এটা প্রমাণিত।

সকাল ৯টার দিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে শহিদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে ধানমন্ডির ৩২ নম্বরে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতেও আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন ওবায়দুল কাদের।