গাজীপুরে পরীক্ষা নেওয়ায় কলেজ অধ্যক্ষের জেল

করোনাকালে সরকারি নির্দেশ আমান্য করে শিক্ষার্থীদের ক্লাসে হাজির করে পরীক্ষা নেওয়ার অভিযোগে গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় পরীক্ষার ২০০ খাতা,  প্রশ্নপত্র ও রুটিন জব্দ করা হয়। দণ্ডপ্রাপ্ত অধ্যক্ষের নাম আবদুল কাউয়ুম সরকার। গতকাল গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল জাকী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ কারাদণ্ড দেন। গাজীপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু ওবায়দা আলী জানান, ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার সরকারি নির্দেশ অমান্য করে বুদ্ধিজীবী দিবসে প্রায় ২০০ শিক্ষার্থীকে ক্লাসে হাজির করে অ্যাসাইনমেন্টের নামে পরীক্ষা নেওয়া হচ্ছিল।