আজ ১৫ ডিসেম্বর ১৯৭১ সালের এই দিনে গাজীপুর ও কালিয়াকৈর পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয়েছিল। এ উপলক্ষ্যে গাজীপুর ও কালিয়াকৈরে ভিন্ন ভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে।
গাজীপুর প্রতিনিধি জানান, ১৯৭১ সালের এই দিনে বর্বর পাক হানাদার বাহিনীর কবল থেকে অকুতোভয় মুক্তিযোদ্ধাদের নেতৃত্বে গাজীপুর মুক্ত হয়েছিল। এই দিনটি গাজীপুরবাসীর জন্য অত্যন্ত স্মরণীয় ও গর্বের দিন। ১৩-১৪ ডিসেম্বর মুক্তিযোদ্ধারা গাজীপুরে সেনানিবাসে সম্মিলিতভাবে আক্রমণ চালান। এতে পাকিস্তানি বাহিনী বিপর্যস্ত হয়ে পড়ে এবং তারা গাজীপুর ছেড়ে ১৫ ডিসেম্বর ঢাকায় পালিয়ে যায়। এ উপলক্ষ্যে গাজীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে।
কালিয়াকৈর প্রতিনিধি জানান, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর রাতে মুক্তিযোদ্ধাদের ভয়ে পাকিস্তানি হানাদার বাহিনী কালিয়াকৈর থেকে পালিয়ে যায়। অনেক ত্যাগের পর ১৯৭১ সালের ১৫ ডিসেম্বর আজকের এই দিনে কালিয়াকৈর হানাদারমুক্ত হয়।
কালিয়াকৈর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ডা. মো. সাহাবুদ্দিন আহসান জানান, কালিয়াকৈর থেকে অংশগ্রহণকারী তিন শতাধিক মুক্তিযোদ্ধা কাদেরিয়া বাহিনী, আফসার গ্রুপ, হাকিম গ্রুপ, আনোয়ার গ্রুপ, দেওয়ান ইব্রাহীম ও আবদুল ওয়াহাব মিয়ার গ্রুপে বিভক্ত হয়ে সরাসরি মহান মুক্তিযুদ্ধে সক্রিয় ছিলেন। এদের সম্মিলিত প্রচেষ্টাই কালিয়াকৈর মুক্ত হয়েছিল। আমাদের জন্য এই দিনটি খুবই গর্বের।