আশুলিয়ায় ধর্ষক ও নারী পাচারকারী চক্রের দুই সদস্য গ্রেপ্তার

সাভারের আশুলিয়া থেকে নারী পাচারকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪। এসময় তাদের কাছ থেকে অপহৃত এক শিশুকে (১৩) উদ্ধার করা হয়েছে।  সোমবার সকালে আশুলিয়ার উত্তর ডেন্ডাবর এলাকার সাদিয়া ভিলার একটি ফ্ল্যাট থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার মেজর এ এইচ এম আদনান তফাদার। গ্রেপ্তারকৃতরা হলো- পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার দারুলহুদা গ্রামের শাকিল খানের ছেলে মোঃ হৃদয় খান (২১) ও শেরপুর জেলার নকলা থানার বালিয়াদি গ্রামের আবু সামার মেয়ে আনজিকা ওরফে তৃষা (২০)। 

র‌্যাব-৪ সূত্রে জানা গেছে, গত ২৯ নভেম্বর শেরপুর জেলার এক শিশু মেয়েকে কৌশলে অপহরণ করে নিয়ে আসে তৃষা। এরপর ওই শিশুকে ধর্ষণ করে তৃষার সহযোগী হৃদয়। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন আইনে শেরপুর থানায় মামলা করে শিশুটির বাবা। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় র‌্যাব-৪ সদস্যরা আসামিদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়ে সোমবার সকালে আশুলিয়ার উত্তর ডেন্ডাবর এলাকায় অভিযান চালিয়ে ভুক্তভোগী শিশুকে উদ্ধার করে। সেই সাথে ঘটনার সাথে জড়িত  তৃষা ও ধর্ষক হৃদয়কে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার মেজর এ এইচ এম আদনান তফাদার বলেন, শিশুটির পরিবারের অভিযোগের ভিত্তিতে হৃদয় ও তৃষাকে গ্রেফতার করা হয়েছে।  প্রাথমিক ভাবে আসামিরা ঘটনার সত্যতা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে থানায় হস্তান্তর করা হয়েছে। 

ইত্তেফাক/এসআই