লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মেঘনা নদীতে যাত্রীবাহী একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ট্রলারের মাঝিসহ ৯ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও ট্রলারসহ অপর এক যাত্রী এখনও নিখোঁজ রয়েছেন।
সোমবার বিকেলে উপজেলা সদর আলেকজান্ডার আসলপাড়া পুরাতন মাছঘাট সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ ব্যক্তির নাম রবি তালুকদার (৪৫)। তিনি চট্টগ্রামের রাউজান এলাকার বাসিন্দা এবং এসিআই অ্যাগ্রোভেট প্রাইভেট লিমিটেডের জোনাল সেলস ম্যানেজারের দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, এসিআই অ্যাগ্রোভেট প্রাইভেট লিমিটেডের নয়জন কর্মী বিকেল তিনটার দিকে আলেকজান্ডার আসলপাড়া পুরাতন মাছঘাট এলাকার যাত্রীবাহী একটি ট্রলার ভাড়া করে মেঘনা নদীতে ঘুরতে বের হন।নদীর তীর থেকে কিছু দূর গেলেই তাদের ইঞ্জিনচালিত ট্রলারটি তীব্র স্রোতের মুখে পড়ে। এ সময় নয় যাত্রী ও মাঝীসহ ট্রলারটি নদীতে ডুবে যায়। পরে স্থানীয় জেলেরা ট্রলারের মাঝিসহ আট যাত্রীকে জীবিত উদ্ধার করেন। কিন্তু রবি তালুকদারসহ ট্রলারটির কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
রামগতি থানার ওসি মোহাম্মদ সোলাইমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তীব্র স্রোতের মুখে পড়ে ট্রলারটি নদীতে ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে চাঁদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৫ সদস্যের একটি ডুবুরি দল সোমবার সন্ধ্যা থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
ইত্তেফাক/কেকে