হাবীবুল্লাহ সিরাজী
উত্স নিয়ে চূর্ণ হ’লে শব্দের মণ্ডল
হে কর্ণ, শ্রবণসঙ্গ
বায়ুর বিস্তার দিয়ে পূর্ণ করো সীমা
গোলকের অসামান্য ছায়া-স্তব্ধতায়
মুছে গেলে উত্সবের আলো, তারপরো
হে চক্ষু, মঙ্গলে রাখো স্নিগ্ধ বীজদল
আয়ুর আড়ালে যার সূত্র-পরিচয়
হে নাসিকা, প্রাণনাথ
ঘ্রাণহীন অন্তরালে হও সত্য-সহচর
উষ্ণ আরো উষ্ণ কিংবা বাকপ্রবণতা
তেজ ও স্বাদের সর্ব-অবস্থানে
হে জিহ্বা, তোমার নগ্নে চিরস্থায়ী রূপ
স্তরে-স্তরে নিত্য ক্ষরণের যতো রূপ
হে ত্বক, অপূর্ণ সার
বোধের বিহারে তার পুনর্জন্ম হোক
চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক