সরিষা ফুলে ভরে গেছে বিস্তীর্ণ মাঠ

রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা

রাণীনগরে দিগন্তজোড়া মাঠ সরিষা ফুলে ছেয়ে গেছে। আবহাওয়া অনুকূল থাকায় উপজেলায় সরিষার ফলন গত বছরের চেয়ে চলতি মৌসুমে দ্বিগুণ হওয়ার আশা করছে কৃষক। উপজেলার হরিশপুর গ্রামের রতন ইসলাম, কনৌজ গ্রামের ভোলাসহ অনেক সরিষাচাষি জানান, চার বারের বন্যার ধকল কাটিয়ে উচ্চফলনশীল জাতের সরিষার আবাদ করেছি। এ বছর সরিষার গাছও ভালো হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলাম জানান, কৃষকরা এবার উচ্চফলনশীল জাতের সরিষা চাষ করেছেন। তারা সরিষার দ্বিগুণ ফলন থেকে বন্যার ক্ষতি অনেকটাই পুষিয়ে নিতে পারবেন।