ঘন কুয়াশায় যান চলাচল ব্যাহত

সিরাজগঞ্জ প্রতিনিধি

ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম মহাসড়কে প্রায় চার ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। এতে মহাসড়কজুড়ে যানজটের সৃষ্টি হয়। পরে মঙ্গলবার সকাল ৮টার দিকে যান চলাচল শুরু হয়। এর আগে রাত সাড়ে ৩টা থেকে সেতুর ওপর দিয়ে সব প্রকার যানবাহন চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। সরেজমিনে সকাল সাড়ে ৯টা সেতুর পশ্চিম পাশে দেখা যায়, শত শত গাড়ি দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রয়েছে। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন বলেন, কুয়াশার কারণে চার ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় উত্তরবঙ্গ থেকে ঢাকামুখী লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বঙ্গবন্ধু সেতুর ট্রাফিক কনট্রোলার হালিমুজ্জামান বলেন, কুয়াশার রিকটার স্কেল ৪০ শতাংশে নেমে আসায় বেশির ভাগ সময় যান চলাচল বন্ধ রাখা হয়। এখনো কুয়াশা রয়েছে। ফলে যান চলাচল স্বাভাবিক হয়নি। সিরাজগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) শাহীনুর কবির বলেন, দুর্ঘটনা ও ছিনতাই রোধে ঐ মহাসড়কটিতে পুলিশের টহলে রয়েছে।

রৌমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা জানান, ঘন কুয়াশার কারণে ৭০ জন যাত্রী নিয়ে চরে আটকে পড়ে একটি নৌকা। পরে নৌকাটি ১৩ ঘণ্টা পর মঙ্গলবার সকাল ৮টায় রৌমারীর ফলুয়ারচর নৌকাঘাটে পৌঁছে। এর আগে সোমবার বিকাল পৌনে ৫টায় নৌকাটি কুড়িগ্রামের মোগলবাসা ঘাট থেকে ছেড়ে যায়। নৌকার যাত্রী ও প্রসূতি মা নুপুর বলেন, সাত দিন বয়সের দুই জমজ বাচ্চা নিয়ে চরে সারারাত কাটাতে হয়েছে। পাউবোর মাইন উদ্দিন জানান, সময় অনুযায়ী নৌকাটি না ছাড়ায় ও ঘন কুয়াশার কারণে দিক হারিয়ে নৌকাটি চরে আটকা পড়ে।