বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় তিন জনের মৃত্যু

দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা

উপজেলার দন্ডপাল পাকা রাস্তায় মঙ্গলবার দুপুরে ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মৃত আনিছুর রহমানের বাড়ি লোহাগাড়া বালাপাড়া গ্রামে। তিনি মোটরসাইকেল চালিয়ে কালিগঞ্জ বাজার থেকে বাড়ি যাওয়ার পথে পেছন থেকে ট্রাক্টর ধাক্কা দেয়। গুরুতর আহত আনিছুরকে স্থানীয়রা দেবীগঞ্জ হাসপাতালে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন। দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ রবিউল হাসান সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

পঞ্চগড় প্রতিনিধি জানান, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সোমবার সন্ধ্যায় ট্রাক চাপায় আব্দুস সালাম নামের এক বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। তেঁতুলিয়া উপজেলার কালান্দিগছ বাজার থেকে বাড়ি ফেরার পথে মাঝিপাড়া বাইপাস মহাসড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বৃদ্ধ আব্দুস সালামের বাড়ি উপজেলার শালবাহানহাট ইউনিয়নের টাইয়াগছ গ্রামে। তেঁতুলিয়া মডেল থানার ওসি জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

কাউখালী (পিরোজপুর) জানান, কাউখালীতে মঙ্গলবার দুপুরে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল চালকের মৃত্যু হয়েছে। উপজেলার কাউখালী-ভিটাবাড়িয়া সড়কের চিরাপাড়া কে. এম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। মৃত খাইরুল ইসলাম নেছারাবাদ উপজেলার আউরয়া গ্রামের সোহরাব তালুকদারের ছেলে। নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেলসহ ছিটকে পড়ে রাস্তার পাশেই জ্ঞান হারিয়ে ফেলেন খাইরুল। পরে বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বিকেলে তার মৃত্যু হয়।