ইত্তেফাক রিপোর্ট
বিজয় দিবস উপলক্ষ্যে আওয়ামী লীগ নেতৃত্বাধীন কেন্দ্রীয় ১৪ দলের পক্ষ থেকে এক শুভেচ্ছা বার্তায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু এমপি বলেছেন, বিজয়ের মাসে হঠাত্ করে স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে অপতত্পরতা স্বাধীনতা বিরোধীদের নতুন ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ। তিনি দেশবিরোধী সব ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান।
বঙ্গবন্ধুকে হত্যা করে যারা দেশকে আবারও পাকিস্তানের ভাবধারায় ফিরিয়ে নিতে চেয়েছিল সেই খুনিচক্র, তাদের দোসর, স্বাধীনতাবিরোধী সব অপশক্তি আবার নতুন ষড়যন্ত্রের জাল বিস্তারে মাঠে নেমেছে। তাদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। আমির হোসেন আমু বলেন, বঙ্গবন্ধু চেয়েছিলেন একটি অসাম্প্রদায়িক, ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত বাংলাদেশ। বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বাস্তবায়নের মধ্য দিয়ে তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের উন্নয়নের রোল মডেল।
শুভেচ্ছা বার্তায় বঙ্গবন্ধু ও ১৫ আগস্টে তার পরিবারের শহিদ সদস্যদের, শহিদ জাতীয় চার নেতা এবং মহান মুক্তিযুদ্ধে আত্মউত্সর্গকারী জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে বলেন, শহিদদের রক্তের সঙ্গে বেইমানী করে যারা এই দেশে স্বাধীনতাবিরোধী ও বঙ্গবন্ধুর খুনিদের রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করেছে, বাঙালি জাতি তাদের কোনো দিন ক্ষমা করবে না।