স্পোর্টস ডেস্ক
জোসে মরিনহোর দল দ্বিতীয় মৌসুমে লিগ শিরোপা জিতবে, ফুটবল বোদ্ধারা অনেকে এই ব্যাপারটা অবধারিতভাবেই ধরে নেন। ম্যানচেস্টার ইউনাইটেড বাদে নিজের সব দল নিয়েই যে দ্বিতীয় মৌসুমে লিগ শিরোপা জিতেছেন এই পর্তুগিজ কোচ। টটেনহাম হটস্পার্সের হয়ে তার দ্বিতীয় মৌসুমে এখনো লিগ টেবিলে শীর্ষস্থান ধরে রাখা মরিনহোর জন্য তর্কসাপেক্ষে এই মৌসুমের সবচেয়ে কঠিন ম্যাচ হতে যাচ্ছে এটি। আজ এনফিল্ডে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুলের মুখোমুখি হবে মরিনহোর সাদা শিবির।
৬৫ ম্যাচ ধরে ঘরের মাঠে অজেয় লিভারপুলের জন্য এনফিল্ড বলতে গেলে একরকম দুর্গ। ২০১৭ সালের এপ্রিলে শেষবার এনফিল্ডে হারা য়ুর্গেন ক্লপের শিষ্যদের সাড়ে তিন বছর পর ঘরের মাঠে হারাতে পারলে শিরোপার দৌড়ে অনেকটাই এগিয়ে যাবে স্পার্স। তবে ইনজুরিতে জর্জরিত লিভারপুলের কাছে পরাজয় বরণ করলে স্পার্সকে টপকে শীর্ষস্থান দখল করবে বর্তমানে গোলব্যবধানে দুইয়ে থাকা মোহামেদ সালাহরা। আর এই ম্যাচ ড্র হলে দিনের অন্য ম্যাচে এভারটনকে হারিয়ে টেবিলের শীর্ষে চলে যাওয়ার সুযোগ পাবে লেস্টার সিটি। লা লিগায় টেবিলের শীর্ষে থাকা রিয়াল সোসিয়েদাদকে আতিথ্য দেবে লিওনেল মেসির বার্সেলোনা। ওদিকে সিরি আ-তে আটালান্টাকে আতিথ্য দিবে লিগ টেবিলে চতুর্থ স্থানে থাকা জুভেন্তাস। এদিনে জুভেন্তাসের জার্সি গায়ে ১০১তম ম্যাচ খেলতে নামবেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।